‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি’ কিংবা ‘রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম’। এভাবে দেশের গান ও দেশের কথামালায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রথম আলোর যুগপূর্তির অনুষ্ঠান। অনুষ্ঠানজুড়ে ছিল দেশ গড়ার কথা, দেশকে মায়ের মতো ভালোবাসার অঙ্গীকারের কথা।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, ক্রীড়াবিদ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রান্সকম গ্রুপ এবং মিডিয়া স্টার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমান। তিনি বলেন, ‘প্রথম আলো সাংবাদিকতা ছাড়াও নানা সামাজিক কাজ করে যাচ্ছে। প্রতিদিন পাঠক আমাদের ভোট দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের প্রচুর সম্ভাবনা আছে। আমাদের সবাইকে মিলে এই দেশ গড়তে হবে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আমরা বাংলাদেশকে মায়ের মতো ভালোবাসি। নিজেদের একটু একটু করে বদলে আমরা বাংলাদেশকে আলোকিত, গৌরবোজ্জ্বল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে কাজ করি। আমরা আমাদের মুক্তিসংগ্রাম নিয়ে গর্ব করি। দেশের কথা বলি। কিন্তু অনেক সময় গর্ব করার পরিবর্তে হতাশার কথা বলি।’ তিনি বলেন, আর কদিন পরই স্বাধীনতার ৪০ বছর পূর্ণ হবে। আমাদের যেমন অর্জন রয়েছে, তেমনি ব্যর্থতাও রয়েছে। দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে কাজ করতে হবে।’রক্তকরবীর শিল্পীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সাংসদ এম এ লতিফ, চেমন আরা তৈয়ব, বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছিরউদ্দিন, অধ্যাপক জামাল নজরুল ইসলাম, কমরেড মৃণাল চৌধুরী, শাহ আলম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, পুলিশ কমিশনার মো. আবুল কাশেম, কাস্টম হাউসের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চিকিৎসক ইমরান বিন ইউনুস প্রমুখ।অনুষ্ঠানে ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘প্রথম আলো স্বপ্ন দেখায়, দেশের প্রতি ভালোবাসতে শেখায়। প্রথম আলো দেশের গণতন্ত্রের প্রতি একনিষ্ঠ। দেশ গড়ায় কাজ না করলে, দেশকে বিশ্বসভায় সম্মানিত না করতে পারলে আপনি-আমি যতই বড় হই না কেন, তার কোনোই মূল্য নেই।’স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। তিনি বলেন, ‘পাঠকদের সহযোগিতা নিয়ে আমরা একটি আধুনিক অসাম্প্রদায়িক, প্রগতিশীল সমাজ ও রাষ্ট্র গড়ে তুলতে সচেষ্ট। তরুণেরা এভারেস্ট জয় করেন, চট্টগ্রামের মানুষ নোবেল জয় করেন। এসব গৌরবময় স্মৃতি ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে।’শেষে মাহমুদুজ্জামান সংগীত পরিবেশন করেন।