‘আসুন, আমরা সবাই মিলে বাংলাদেশকে আমাদের মায়ের মতোই ভালোবাসি। আসুন, আমরা বাংলাদেশকে বদলে দিই। সবাই মিলে শপথ নিই, এই বাংলাদেশকে একটি সুন্দর দেশ হিসেবে গড়ে তুলবই।’ প্রথম আলোর এক যুগ পূর্তি উপলক্ষে খুলনায় গতকাল শুক্রবার আয়োজিত বিভাগীয় সুধী সমাবেশে এ আহ্বান জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।খুলনা ক্লাবে গতকাল শুক্রবার সন্ধ্যায় এ অনুষ্ঠানে সাংসদ, রাজনৈতিক নেতা, ওয়ার্ড কাউন্সিলর, শিক্ষক, সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, আইনজীবী, মানবাধিকার কর্মী, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। তাঁরা প্রথম আলোর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং অঙ্গীকারের প্রতি সমর্থন জানান করতালি দিয়ে।মতিউর রহমান বলেন, ‘আপনারা প্রথম আলোকে গ্রহণ করেছেন বলেই পত্রিকাটি এখন সবার শীর্ষে।’ এ জন্য তিনি প্রথম আলোর সব পাঠককে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, ‘আমরা সব সময় চেয়েছি প্রথম আলো একটি দল নিরপেক্ষ, স্বাধীন, সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদপত্র হিসেবে গড়ে উঠবে। সেই চেষ্টা এখনো অব্যাহত রয়েছে। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার কারণে এরই মধ্যে প্রথম আলো দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। প্রথম আলোর এই সাফল্যের মূল ভিত্তি অগণিত পাঠকের ভালোবাসা ও আস্থা। প্রথম আলো এক যুগ ধরে সব ভালো কাজের সঙ্গে থাকার চেষ্টা করেছে এবং বলেছে, যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো। সবাই মিলে আমরা যেন সত্যিকার অর্থে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি, সে লক্ষ্যে প্রথম আলো কাজ করে যেতে চায়।’সন্ধ্যায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে সুধী সমাবেশ শুরু হয়। যুগপূর্তির অনুষ্ঠান পরিণত হয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মিলনমেলায়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে পরিবেশিত হয় দেশাত্মবোধক গান ও প্রথম আলোর প্রচারমূলক নানা বিজ্ঞাপনচিত্র। এ ছাড়া প্রথম আলোর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে তৈরি করা প্রামাণ্যচিত্র অতিথিরা উপভোগ করেন।শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক শেখ আবু হাসান। সংগীত পরিবেশন করেন মাহমুদুজ্জামান বাবু ও এম জি কিবরিয়া। অনুষ্ঠান উপস্থাপনা করেন খুলনা বন্ধুসভার সঞ্চারী দাস।সাংসদ নজরুল ইসলাম মঞ্জু, সাবেক সাংসদ নুরুল ইসলাম, প্যানেল মেয়র আজমল আহম্মেদ, নাগরিক ফোরামের চেয়ারপারসন মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম, গাজী মিজানুর রহমান, খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব ফিরোজ আহমেদ, খুলনা সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক জাফর ইমাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক শিবেন্দ্র শেখর শিকদার, মানবাধিকার কর্মী মোমিনুল ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।