প্রথম আলো সম্পাদক মতিউর রহমান দেশকে মায়ের মতো ভালোবাসার আহ্বান জানিয়ে বলেছেন, ‘মা যেমন নিজের জীবনকে নিঃশেষ করে সন্তানকে গড়ে তোলেন, সেই মায়ের ভালোবাসার মতোই দেশকে ভালোবাসতে হবে। স্বাধীনতার ৪০ বছর সমাগত। আসুন, স্বাধীনতার সব শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করি।’ দেশকে নিয়ে বৃথা তর্ক না করার অনুরোধ জানান তিনি।হরতাল, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ইভ টিজিংসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কি চলতেই থাকবে—প্রশ্ন রেখে মতিউর রহমান বলেন, ‘যেকোনো মূল্যে আমাদের এসব থেকে বেরিয়ে আসতে হবে। পত্রিকায় লেখালেখি ও বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রথম আলো এসবের বিপক্ষে কাজ করে যাবে।’ প্রথম আলো সম্পাদক বক্তব্যের শুরুতে ভাষাসৈনিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মাসটি ভাষা আন্দোলনের। রক্ত দিয়ে পৃথিবীতে মায়ের ভাষাকে আমরাই প্রতিষ্ঠিত করেছিলাম। এখন দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। এটি বাংলাদেশের বড় সম্মান। আর এই ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক হলেন আবদুল জব্বার। তাঁর জন্ম এই ময়মনসিংহে।’মতিউর রহমান বলেন, ‘আজ থেকে ১২ বছর আগে “যা কিছু ভালো, তার সঙ্গে প্রথম আলো” স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছিলাম। দশম বছর থেকে “বদলে যাও বদলে দাও” স্লোগান ধারণ করে আসছি। আজ প্রথম আলোর প্রচারসংখ্যা চার লাখ ৫২ হাজার। একটি বেসরকারি সংস্থার জরিপমতে, পত্রিকাটির মোট পাঠক ৫২ লাখ। বিপুল পাঠকগোষ্ঠীর কাছে প্রতিদিন স্বাধীন ও বস্তুনিষ্ঠ কাগজ পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আর সঠিক সংবাদ পরিবেশনের কারণে প্রতিনিয়ত চাপ, ভয়ভীতি, মামলা, হামলা সহ্য করতে হচ্ছে; বিশেষ করে, প্রগতিশীল ভূমিকা ও পাঠকপ্রিয়তার কারণে শুরু থেকে জঙ্গিগোষ্ঠী পত্রিকাটি বন্ধের পাঁয়তারা করে আসছে। তবে প্রথম আলো কখনো তার কর্তব্য থেকে সরে আসেনি, আসবে না।’প্রথম আলোর যুগপূর্তি উপলক্ষে ময়মনসিংহের পাঠকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মতিউর রহমান এসব কথা বলেন। গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ মহিলা ক্রীড়া সংস্থার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি বলেন, ‘এসিডদগ্ধ নারীদের চিকিৎসা ও পুনর্বাসন, মাদকবিরোধী আন্দোলন, সিডর ও আইলা-দুর্গতদের সহায়তায় প্রথম আলো কাজ করে যাচ্ছে। এ ছাড়া ভাষা প্রতিযোগ, গণিত উৎসব, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বিতর্ক, গরিব মেধাবীদের বৃত্তি প্রদানের মধ্য দিয়ে প্রথম আলো সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে আসছে। সর্বশেষ ৮০ লাখ টাকা ব্যয়ে সাতক্ষীরার শ্যামনগরে দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা আমাদের আরও বেশি উৎসাহিত করে। এখানে দুর্যোগের সময় আড়াই থেকে তিন হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। স্বাভাবিক সময়ে চলবে লেখাপড়া।’ প্রথম আলোর প্রতি পাঠকের ভালোবাসার উদাহরণ দিতে গিয়ে মতিউর রহমান বলেন, ‘প্রথম আলোর কাছ থেকে সেবা ও ভালোবাসা পেয়ে কুড়িগ্রামের অজপাড়ার দুর্গম চরাঞ্চলের মানুষ চরটিকে “প্রথম আলোর চর” নামকরণ করে, যা এখন সরকারিভাবে স্বীকৃত। ওই চরে আমরা একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। বর্তমানে এই বিদ্যালয়ে ১০৩ জন শিশু পড়াশোনা করছে।’আশাবাদ প্রকাশ করে মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশে অনেক ভালো কাজও হচ্ছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে; বিশেষ করে, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, শিশুমৃত্যু কমে আসছে, বিদেশি সাহায্যনির্ভরতা কমেছে—এসব অগ্রগতি আমাদের অনুপ্রাণিত করে। শান্তিতে নোবেল প্রাপ্তি, কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন—এসব অমূল্য সম্পদ আমাদের রয়েছে। যুদ্ধবিগ্রহ চলা দেশে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শান্তি প্রতিষ্ঠায় সফলতা পেয়েছে। প্রথম আলো সেই সব সফলতার কথা বলে যাবে।’ স্বাধীনতার ৪০ বছর পূর্তিতে প্রথম আলো বছরব্যাপী নানা কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।মতিউর রহমান পত্রিকাটিকে আরও সাহসী ও বস্তুনিষ্ঠভাবে পাঠকের সামনে তুলে ধরতে সবার পরামর্শ চান। একই সঙ্গে বিপদে সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শুরুতে উদীচী শিল্পীগোষ্ঠী ও বন্ধুসভার সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরুজ্জামান। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের পাঁচ শতাধিক নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত ছিলেন। মতিউর রহমান অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।