আসুন আমাদের গাড়ির নিকট...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমখানা...’ নগরের পথে-ঘাটে এভাবে ফেরি করে বেড়ানো লোকের সংখ্যা কম নয়। তাঁরা মাইকে প্রচারণা চালিয়ে সর্বরোগের মহৌষধ বিক্রি করে বেড়ান। কিন্তু তাঁরা নিজেরাই যে বিকট শব্দ সৃষ্টি করে পথচারীদের অসুস্থ করে তোলেন—বিষয়টি একবারও কেউ ভাবেন না।কেউ কেউ আবার কোনো মসজিদ কিংবা মাদ্রাসার জন্য চাঁদা তুলতে মাইক আর মাইক্রোফোন নিয়ে রাস্তার পাশে স্থায়ী আসন পেতে বসে পড়েন। এ রকম এক লোকের দেখা পাওয়া যায় সার্ক ফোয়ারার কাছে পান্থপথ স্কয়ারের সামনে। ফুটপাতে মাইকে বিকট শব্দে চাঁদা চেয়ে পথচারীদের মনে বিরক্তির উদ্রেক করছিলেন তিনি।অনেকে আবার রাস্তার একপাশ দখল করে জোঁক, পোকামাকড় আর গাছের ছালবাকল নিয়ে বসে পড়েন ভেলকিবাজি দেখাতে। এদের কাছেও থাকে উচ্চ শব্দসৃষ্টিকারী মাইক। আর হ্যান্ডমাইক হাতে নিয়ে বেড়ানো হকারদের সংখ্যা তো গুনে শেষ করা যাবে না।নগরের অনেক স্থানে ডিজেলচালিত যন্ত্রের সাহায্যে আখ চেপে রস বের করে বিক্রি করা হয়। এসব স্থানে জেনারেটরের শব্দে মানুষ অতিষ্ঠ হয়ে থাকে। ‘জামাই-বউ’ চানাচুরের ভক্ত বোধহয় অনেকেই। কিন্তু এই জামাই-বউ চানাচুরের গাড়িওয়ালারাই যে উচ্চ শব্দে গান বাজাতে বাজাতে চানাচুর বেচে বেড়ায়। মাঝেমধ্যে চানাচুরওয়ালারা চটকদার গানে এত বেশি মজে থাকে যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনেও গান বাজানো বন্ধ করার কথা মনে থাকে না তাদের।