আসুন লেভেল প্লেয়িং ফিল্ডে খেলি
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেছেন, ‘আসুন লেভেল প্লেয়িং ফিল্ডে ফুটবল খেলি। দেখুন কে জেতে কে হারে।’আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত চারদলীয় জোটের সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন। ১২ মার্চের মহাসমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে চারদলীয় জোট এই বিক্ষোভ সমাবেশ করেছে।দ্রব্যমূল্য ও বিদ্যুতের দাম বাড়ার প্রতিবাদে চারদলীয় জোট আগামী ১১ এপ্রিল সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ২৫ এপ্রিল সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে।মির্জা ফখরুল বলেন, এই সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে ভয় পায়। কারণ তারা জানে, নির্বাচনের দিন জনগণ তাদের কুকর্মের জবাব ভোটের মাধ্যমে দেবে।বিএনপির নেতা ফখরুল বলেন, বিদ্যুতের দাম কমাতে হবে। লোডশেডিংও কমাতে হবে। তা না হলে চারদলীয় ঐক্যজোট বৃহত্তর আন্দোলনে যাবে বলে তিনি ঘোষণা দেন।ফখরুল বলেন, ‘এই সরকারের ভাত দেওয়ার মুরোদ নেই। কিল দেওয়ার গোসাই।’ তিনি বলেন, ‘৯০ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার না দিলে আপনারা পালানোর পথ খুঁজে পাবেন না।’সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমানসহ চার দলের নেতারা।