আস্থা ফেরাতে আর নতুন কোনো পদক্ষেপের প্রয়োজন নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি মো. শাকিল রিজভীর মেয়াদ শেষ হচ্ছে আজ ১১ মার্চ, রোববার। তবে নতুন সভাপতির কাছে তিনি দায়িত্ব হস্তান্তর করবেন আরও কিছুদিন পরে। শাকিল রিজভীর সময়ে দেশের পুঁজিবাজারে বড় ধরনের উল্লম্ফনের ঘটনা যেমন ঘটে, তেমনি স্মরণকালের সবচেয়ে বড় ধসও নামে। পুঁজিবাজারের অতীত, বর্তমানসহ সার্বিক বিষয় নিয়ে প্রথম আলো অনলাইনের সঙ্গে কথা বলেছেন তিনি। নিচে সাক্ষাত্কারটি তুলে ধরা হলো। প্রথম আলো: আপনার সময়ে শেয়ারবাজারে বড় উল্লম্ফন এবং এর পাশাপাশি ধসের ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আপনার মূল্যায়ন কী?শাকিল রিজভী: শেয়ারবাজারে দরপতনের ধারা শুরু হয় ২০১০ সালের ডিসেম্বর থেকে। এর আগে তিন বছর অর্থাত্ ২০০৮, ২০০৯ ও ২০১০ পর্যন্ত বাজার ছিল ঊর্ধ্বমুখী। ২০১০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ডিএসইর সাধারণ সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার ৩০০ পয়েন্টে, যা ওই বছরের শেষের দিকে আট হাজার ৯০০ পৌঁছায়। এই যে উত্থান, এটাই হলো পতনের মূল কারণ।অস্বাভাবিক ওপরে উঠে গেলে বাজার পড়বেই। এটাই বাজারের স্বাভাবিক নিয়ম। সেই পতনটা কত সহনীয়ভাবে হতে পারে, সেটাই হলো বিবেচনার বিষয়। তার জন্য অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সময় ডিএসসির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বিনিয়োগকারীদের সর্তক করা হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন পত্রপত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে উচ্চ মূল্যে শেয়ার না কেনার জন্য অনুরোধ করেছিলাম। অনেকই তখন আমার বক্তব্যের গুরুত্ব দেননি। কিন্তু মূল সমস্যাটা ছিল বাজার অস্বাভাবিকভাবে ওপরে উঠে যাওয়াটা। এর পেছনে অনেক ছোটখাটো কারণ থাকতে পারে। কিন্তু মৌলিক কারণ ছিল সুদের হার। ২০০৯ সালে এটাকে এক অঙ্কে (সিঙ্গেল ডিজিট) আনা হয়। সঞ্চয়পত্রে সুদ কমানো হয়। সুদের ওপর কর ধার্য করা হয়। এফডিআর ইন্টারেস্ট রেটকে সিঙ্গেল ডিজিট করা হলো। যখন এভাবে অর্থাত্ কম সুদের কারণে সঞ্চয়ের ওপর একটা চাপ এল, তখন কিছু ফান্ড এদিকে এসেছে। শেয়ারবাজারে টাকা ঢুকলে শেয়ারের দাম বাড়ে, এটাই স্বাভাবিক। একদিকে ব্যক্তিপর্যায়ের টাকা, অন্যদিকে প্রাতিষ্ঠানিক টাকা। তো, বাজারে ওই সময়ে কিছু শেয়ার এলেও শেয়ারের সরবরাহ সেভাবে ছিল না। সে সময়ে অন্তত সরকারের কিছু শেয়ার ছাড়ার প্রয়োজন ছিল। কিন্তু সরকারের যেকোনো কাজের প্রক্রিয়া হতে একটু সময় লাগে। কিছু নিয়ম তো আছে। ফলে অনেকটা সময় চলে যায়। কিন্তু বাজার ক্রমাগত বাড়ার ফলে সাধারণ মানুষ যাঁরা এ ব্যবসার সঙ্গে কোনো দিন জড়িত ছিলেন না, তাঁরা এসে গেলেন। টাকা বানানোর একটা লোভ সবার মধ্যেই তৈরি হয়ে যায়। কিন্তু সেই অনুপাতে শেয়ারের জোগান বা সরবরাহ হয়নি। এর সঙ্গে আরেকটা কারণ আছে, সেটা আরও ভয়ংকর, যেটা বিপজ্জনকভাবে বাজারকে বাড়াতে সাহায্য করেছে—এটা হচ্ছে বুক বিল্ডিং পদ্ধতি। যেমন একটা কোম্পানির শেয়ারের দাম কী হবে? কী পরিমাণ প্রিমিয়াম দেওয়া যাবে—সেটা নির্ধারণ হবে অন্য আরেকটি তালিকাভুক্ত কোম্পানির দামের ওপর। কিন্তু যেটার কোনো ডিভিডেন্ড নেই, সেটাকে ওপরে ওঠানোর চেষ্টা করা হয়েছে এই বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে। কাজেই এটা স্পষ্ট যে, যেসব কোম্পানি বুক বিল্ডিংয়ের জন্য এসেছিল, তারা বাজারকে ওপরে তোলার জন্য প্রভাবিত করে। ব্যাংক, মার্চেন্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো বিকল্প কোনো ব্যবসার সুযোগ না পেয়ে এখানে অনেক টাকা বিনিয়োগ করে। অনেক ক্ষেত্রে এটা নিয়মের বাইরে চলে যায়। স্টক এক্সচেঞ্জের বাইরে প্লেসমেন্ট শেয়ার কেনাবেচার বাজার তৈরি হয় কিছু অসাধু ব্যক্তির মাধ্যমে, যেখানে অতিমূল্যায়িত দামে নতুন কোম্পানির প্লেসমেন্ট শেয়ার বেচা-কেনা হতো। এতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসিসি) আইন লঙ্ঘিত হয়েছে। এই প্লেসমেন্টের পেছনে বিনিয়োগকারীদের তিন-চার হাজার কোটি টাকা আটকা পড়ে যায়। এই চার-পাঁচটা প্রক্রিয়া যখন একসঙ্গে বাজারে কাজ করে, তখন বাজারে শেয়ারের দাম বাড়বেই।এ ক্ষেত্রে সাধারণ মানুষকে দোষ দিয়ে লাভ নেই। সাধারণ মানুষ তো আসবেই, লাভ করতে সবাই চায়। লোভ সবার মধ্যেই কাজ করে। আবার প্রাতিষ্ঠানিক লোভ কাজ করেছে। নিয়ম ও নৈতিকতার বাইরে গেছে অনেক প্রতিষ্ঠান। সেই সময়ে যেসব ব্যালেন্স সিট ও প্রসপেক্টাস তৈরি হয়েছিল তার অনেকগুলোর হিসাবে গরমিল ছিল। এ ছাড়া ব্যাংক, মার্চেন্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় পাঁচ হাজার কোটি টাকা লাভ করে। এ ছাড়া বুক বিল্ডিং ও সরাসরি লিস্টিংয়ের মাধ্যমে অনেক টাকা বাজার থেকে চলে যায়।প্রথম আলো: সূচকের ‘বটম লাইন’ আসলে কোথায়?শাকিল রিজভী: সূচক নির্ভর করে প্রত্যেকটা কোম্পানির বাজার দরের ওপর। আবার প্রত্যেকটা কোম্পানির বাজার দর নির্ভর করে তার ইপিএস, এনএভি, কোম্পানির উন্নতি ও ব্যাংকের সুদের হারের ওপর। অনেক ক্ষেত্রে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর এটা নির্ভর করে থাকে। তাই সুচকের বটম লাইন এভাবে নির্ধারণ করা যায় না।প্রথম আলো: সম্প্রতি সরকার ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য যে প্রণোদনা ঘোষণা করল। এতে ১০ লাখ টাকার ওপর বিনিয়োগ করেছেন এমন ব্যক্তিরা বাদ পড়েছেন। আপনি কি মনে করেন প্রণোদনার আওতায় এদেরও থাকা উচিত ছিল?শাকিল রিজভী: যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এই প্রণোদনা দেওয়া হয়েছে। তাই আমার মতে ঠিকই আছে।প্রথম আলো: আপনি তো ওই মিটিংয়ে ছিলেন। আপনার অবস্থান কী ছিল?শাকিল রিজভী: হ্যাঁ, ডিএসইর প্রতিনিধি হিসেবে আমি ওই মিটিংয়ে ছিলাম। কিন্তু যেহেতু ডিএসই বিনিয়োগকারীদের কোনো ঋণ দেয় না, তাই পর্যবেক্ষক হিসেবে ছিলাম। আমার বক্তব্য ছিল বাজারের স্বার্থে প্রণোদনার বিষয়টা শেষ হওয়া দরকার এবং ভবিষ্যতে যেন কোনো অবস্থাতেই লাগাম ছাড়া ঋণ দেওয়া না হয়, সেদিকে খেয়াল রাখা দরকার।প্রথম আলো: ডিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন না কেন?শাকিল রিজভী: আমি গত তিন বছর ডিএসইর পরিচালক ছিলাম। নতুনদের সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি।প্রথম আলো: ভবিষ্যতে আবারও ডিএসইর সভাপতি হওয়ার ইচ্ছা আছে?শাকিল রিজভী: এ ব্যাপারে এখনো কোনো চিন্তা করিনি। প্রথম আলো: আপনার মেয়াদ তো শেষ হচ্ছে। উত্তরসূরির কাছে আপনার প্রত্যাশা কী?শাকিল রিজভী: গত দুই বছর বিভিন্ন সময়ে পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়ন করা। এ ছাড়া ডিএসইর ভবন নির্মাণ গত বছরে যে গতিতে অগ্রসর হয়েছে, তা ধরে রেখে ২০১২ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা। উত্তরসূরির কাছে এটাই আমার প্রত্যাশা।প্রথম আলো: শেয়ারবাজারে অব্যাহত দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা গত বছর জুড়ে আপনার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছে। এ ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কী?শাকিল রিজভী: বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে পুঁজিবাজার গতিশীল করা অনেক চ্যালেঞ্জিং ও বেদনাদায়ক। কিন্তু পুঁজিবাজার গতিশীল না হলে দেশ উন্নতির শিখরে উঠতে পারে না। আমি মনে করি, বিনিয়োগকারীদের ক্ষোভ থাকতেই পারে। আমার ধারণা, তাঁরা একদিন আমাকে মূল্যায়ন করতে পারবেন। কারণ বিনিয়োগকারীরা অনেক জ্ঞান রাখেন। প্রথম আলো: বর্তমান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) ব্যাপারে আপনার মূল্যায়ন কী?শাকিল রিজভী: বর্তমান এসইসির চেয়ারম্যান ও সদস্যরা আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে নিরলস পরিশ্রম করছেন। আমি প্রচণ্ড আশাবাদী তাঁদের ওপরে। বর্তমান কমিশনকে আমাদের সব মহলের সহযোগিতা করা উচিত। অনেক আইনের সংস্কার হচ্ছে, যা ভবিষ্যতে পুঁজিবাজারে সুফল বয়ে আনবে। বর্তমান কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের কাজে যাতে কেউ হস্তক্ষেপ না করে, আমি এই প্রত্যাশা করব।প্রথম আলো: শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আর কী কী পদক্ষেপের প্রয়োজন বলে আপনি মনে করেন?শাকিল রিজভী: আস্থা ফেরাতে আর নতুন কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। আগের পদক্ষেপগুলো শুধু বাস্তবায়ন প্রয়োজন। এ ক্ষেত্রে ‘কথা কম, কাজ বেশি’ নীতি অবলম্বন করা উচিত।প্রথম আলো: শেয়ারবাজারকে অনেকে ফাটকা বাজার বলে থাকেন। আপনার মতামত কী?শাকিল রিজভী: যাঁরা শেয়ারবাজারকে ফাটকা বাজার বলেন, তাঁরা ভুল করছেন। কারণ, প্রত্যকটা শেয়ারের পেছনে অ্যাসেট ব্যাংকিং আছে, ইপিএস, ডিভিডেন্ড আছে। যেখানে সম্পদের অংশ বেচা-কেনা হয়, তা ফাটকা হয় না। তবে সব স্টক মার্কেটে অনেক স্পেকুলেশন থাকে।প্রথম আলো: বিনিয়োগকারীদের জন্য আপনি কী রেখে গেলেন?শাকিল রিজভী: ইতিমধ্যে অনেক আইন-কানুন পরিবর্তন করা হয়েছে। ডিএসইতে লেনদেনের জন্য নতুন সফটওয়্যার সংযোজন করা হয়েছে। ডিএসই ব্যবস্থাপনা শক্তিশালী করা হয়েছে। নতুন সিইও এবং সিএফও নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা অত্যন্ত যোগ্য ব্যক্তিত্ব বলে আমি মনে করি। এ ছাড়া করপোরেট গভর্নেন্স বিভাগ চালু করা হয়েছে। ডিএসই ব্যবস্থাপনাসহ লিস্টেড কোম্পানির শেয়ার বিভাগে কাজ করেন এমন ব্যক্তি, ব্রোকারেজ হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিনিয়োগকারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যা অব্যাহতভাবে চলছে। ভবিষ্যতে এর সুফল আসবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ একটি আধুনিক স্টক এক্সচেঞ্জে রূপান্তরিত হচ্ছে। প্রথম আলো: বিনিয়োগকারীদের প্রতি আপনার পরামর্শ কী?শাকিল রিজভী: যাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা আছে এবং অলস টাকা হতে আছে তাঁদের পুঁজিবাজারে আসা উচিত। ধার করে বা ঋণ নিয়ে পুঁজিবাজারে আসা বিপজ্জনক। শেয়ার কেনার আগে যে কোম্পানির শেয়ার কিনতে চান, সেই কোম্পানি সম্পর্কে ভালো করে জানুন। এনএভি, ইপিএস, কোম্পানির প্রবৃদ্ধি, পিই, ডিভিডেন্ড, স্পন্সার—এর ট্র্যাক রেকর্ড দেখে দীর্ঘমেয়াদি বিনিয়োগের উদ্দেশে আশা উচিত বলে আমি মনে করি। তবে শেয়ার কেনার ক্ষেত্রে যাতে অতিমূল্যায়িত না হয়, সেদিকে সবার খেয়াল রাখা উচিত।দেখে-শুনে সঠিকভাবে বিনিয়োগ করলে অত্যন্ত ভালো লাভ পাওয়া যায় বলে আমি বিশ্বাস করি। আমাদের বিনিয়োগকারীরা বিভিন্ন লোকের কথায় কান দিয়ে থাকেন। এ ক্ষেত্রে উচিত হবে, কারও কথায় অথবা কোনো প্রকার গুজবে কান না দিয়ে তিনি কোথায় বিনিয়োগ করছেন, সেদিকে নজর দেওয়া। প্রথম আলো: আপনাকে অনেক ধন্যবাদ।শাকিল রিজভী: আপনাকে ও প্রথম আলো অনলাইনের অগণিত পাঠককে ধন্যবাদ।