আস্থা ফেরানোই লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদিকে আশাবাদ, অন্যদিকে উৎকণ্ঠা—এই দুই নিয়ে আজ মঙ্গলবার থেকে আবার শুরু হচ্ছে শেয়ারবাজারের লেনদেন। নির্ধারিত সময় বেলা ১১টায় দেশের দুই স্টক এক্সচেঞ্জে একযোগে লেনদেন শুরু হবে।আজ থেকে মূল্যসূচকের ওপর কোনো সার্কিট ব্রেকার বা সূচকের উত্থান-পতনের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা থাকছে না। স্বতন্ত্র কোম্পানির ওপর সার্কিট ব্রেকার জারি থাকলেও তা ৫০ শতাংশ কমিয়ে আনা হচ্ছে। অর্থাৎ এর আগে তালিকাভুক্ত একটি কোম্পানির শেয়ারের দাম এক দিনে যে পরিমাণ বাড়তে বা কমতে পারত, আজ থেকে তার অর্ধেক হারে বাড়তে বা কমতে পারবে। তবে এখন থেকে কোনো কোম্পানির শেয়ারের দাম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করলেই লেনদেন আটকে যাবে না। সর্বোচ্চ বা সর্বনিম্ন সীমায় ক্রেতা-বিক্রেতা থাকলে লেনদেন চলতে থাকবে।বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে দিনভর বৈঠকে শেষে গত রোববার সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। সেই অনুযায়ী, গতকাল সোমবার এসইসির পক্ষ থেকে দুই স্টক এক্সচেঞ্জকে এসব সিদ্ধান্ত কার্যকর করার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।লেনদেন চালু হলে বাজারের চিত্র কী দাঁড়াবে, সেই জিজ্ঞাসা এখন বিনিয়োগকারীদের। বাজারের প্রতি আস্থা ফেরাতে দেওয়া সরকারের ঘোষণায় অনেকে আশ্বস্ত হলেও কারও কারও মধ্যে সংশয় রয়েছে। তাঁরা বলছেন, সরকারের ঘোষণায় সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতা এ মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা। এ কারণে স্বাভাবিকভাবেই সরকারের নেওয়া পদক্ষেপের পরও তাঁদের অনেকেই হয়তো বিনিয়োগের ব্যাপারে অপেক্ষার নীতি অনুসরণ করবেন। এ অবস্থা থেকে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোই হবে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, ‘বাজারে তালিকাভুক্ত বেশির ভাগ শেয়ারের দাম যথেষ্ট কমেছে। ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ অনেক সাধারণ বিনিয়োগকারীও এসব শেয়ার কেনার ব্যাপারে আগ্রহী হবেন। এতে বাজারে একটা ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে শেষ পর্যন্ত বাজার স্থিতিশীল হবে কি না, তা নির্ভর করছে তারল্য পরিস্থিতির ওপর। সরকারকে এ দিকটাও খেয়াল রাখতে হবে।’সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্যাংক খাতের শেয়ারবাজারে বিনিয়োগ আইনি সীমার এখন অনেক নিচে রয়েছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে কোনো ব্যাংক তার মোট দায়ের (আমানত) সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারে। শেয়ারবাজারে ব্যাপক দরপতন হওয়ায় এবং ইতিমধ্যেই বার্ষিক স্থিতিতে আয় হিসাব করতে গিয়ে শেয়ার বিক্রি করে দেওয়ায় ব্যাংক খাতের শেয়ারবাজারে সামগ্রিক বিনিয়োগ সীমা এখন সাড়ে ৩ শতাংশের কাছাকাছি নেমে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ বলছে, ব্যাংকগুলো এই বিনিয়োগ সীমার মধ্যে যেকোনো সময়ই শেয়ারে টাকা খাটাতে পারে।পুঁজিবাজারে নিয়মিত বিনিয়োগ করে, বেসরকারি খাতের এমন একটি ব্যাংকের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, অনেক ব্যাংকেরই শেয়ারবাজারে বিনিয়োগের পরিমাণ (এক্সপোজার) বিধিবদ্ধ সীমা বা মোট আমানতের ৩-৪ শতাংশে নেমে এসেছে। এ অবস্থায় ব্যাংকগুলো চাইলে অনায়াসে বিনিয়োগে যেতে পারে। তিনি আরও বলেন, বর্তমানে অনেক শেয়ারই ক্রয়যোগ্য অবস্থায় রয়েছে। তাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিনিয়োগের ব্যাপারে আগ্রহী হবেন বলেই মনে হয়। শেয়ারবাজারের বর্তমান সূচক ছয় হাজার ৩০০ পয়েন্ট, আর মূল্য অনুপাতে আয় (পিই) ২৩। অর্থমন্ত্রীও মনে করেন, বাজারের এই অবস্থা খুবই সহনশীল। সবকিছু সত্ত্বেও এই বাজারকে স্থিতিশীল করা সম্ভব। বাজার স্থিতিশীল করতে অর্থমন্ত্রী গত রোববার সাংবাদিকদের কাছে বলেছিলেন, বাজার চালু হওয়ার আগে কিছু নির্দেশনা দেওয়া হবে। তবে গতকাল সোমবার কোনো নির্দেশনা দেয়নি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে অর্থমন্ত্রী আগের দিন যেসব কথা বলেছেন, তা থেকে ১৪টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় অর্থ মন্ত্রণালয়ের সূত্র থেকে পাওয়া এসব পয়েন্টের মধ্যে রয়েছে: মঙ্গলবার বাজার খোলা, মূল্যসূচকের ব্রেকার প্রত্যাহার, সার্কিট ব্রেকার ছোট করা, ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন, প্লেসমেন্ট শেয়ারের ক্ষেত্রে সম্পূর্ণ নীতিমালা প্রণয়ন, এসইসির পরামর্শক কমিটি পুনর্গঠন, শেয়ার বাইব্যাক ব্যবস্থা চালু, এসইসি ও বাংলাদেশ ব্যাংকের ঘন ঘন বৈঠক, ঋণসীমা বিষয়ে এসইসির বাজারে হস্তক্ষেপ না করা এবং এ বিষয়ে দীর্ঘমেয়াদি নীতি প্রণয়ন, মবিল-যমুনা ও এমআই সিমেন্টের আইপিও বাতিল অথবা বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, বিনিয়োগকারীদের অধিকতর প্রশিক্ষণ, এসইসি কর্তৃক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে বাজারের পিই নির্ধারণ, আর্থিক প্রতিষ্ঠানগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নমনীয় নীতি অনুসরণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী (ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মার্চেন্ট ব্যাংক) বাজারে পুঁজিবাজারের মাধ্যমে অর্জিত মুনাফার একাংশ পুঁজিবাজারে পুনর্বিনিয়োগ করবে।তবে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে ২৭ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হবে। সার্কিট ব্রেকার: বর্তমানে শেয়ারের মূল্য অনুসারে ছয়টি ধাপে সার্কিট ব্রেকার কার্যকর হয়ে থাকে। যেমন—১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত মূল্যের শেয়ার এক দিনে সর্বোচ্চ ২০ শতাংশ বা সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত বাড়তে পারে। ২০১ থেকে ৫০০ টাকা পর্যন্ত এ হার ১৭ দশমিক ৫ বা সর্বোচ্চ ৭৫ টাকা। ৫০১ থেকে ১০০০ টাকা পর্যন্ত ১৫ শতাংশ বা ১২৫ টাকা বাড়তে পারে। ১০০১ থেকে ২০০০ টাকা পর্যন্ত এক দিনে বাড়তে বা কমতে পারে ১২ শতাংশ বা ২০০ টাকা। ২০০১ থেকে ৫০০০ টাকা পর্যন্ত এ হার ১০ শতাংশ বা ৩৭৫ টাকা। আর ৫০০১ থেকে তার ওপরে যেকোনো দামের জন্য সর্বোচ্চ সার্কিট ব্রেকার সাড়ে ৭ শতাংশ বা ৬০০ টাকা। আজ এর পরিমাণ স্রেফ অর্ধেক করে ফেলা হবে।এসইসির একজন কর্মকর্তা বলেন, এ অবস্থায় সব কোম্পানি যদি তার দাম বাড়া-কমার সর্বোচ্চ বা সর্বনিম্ন সীমা স্পর্শ করে, তাহলে মূল্যসূচক ৮ শতাংশ বা ৫০০ পয়েন্টের পরিবর্তন হবে।