এক দিন পর আবার সূচক কমল অব্যাহত ছিল বিনিয়োগকারীদের বিক্ষোভ
আস্থার সংকটে দরপতনের ধারায় শেয়ারবাজার
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থার সংকট কাটছে না। প্রতিদিনের লেনদেনই বিনিয়োগকারীদের আস্থাহীনতার প্রকাশ। বাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) নানা প্রচেষ্টা অব্যাহত রাখলেও তাতে আস্থা রাখতে পারছেন না বিনিয়োগকারীরা। ফলে কোনো একটি উদ্যোগের পর এক দিন বাজার কিছুটা বাড়লেও পরের দিন আবার দরপতনের ধারায় ফিরে আসছে। এ অবস্থায় বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা এসইসির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। বাজারসংশ্লিষ্ট অনেকেরই ধারণা ছিল, পুনর্গঠিত এসইসি সরকারের নির্দেশনা অনুযায়ী সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করলে বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরে আসবে। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকে নবগঠিত এসইসিকে বাজারের স্থিতিশীলতা ফেরাতেই বেশি বেশি ব্যস্ত থাকতে হয়েছে। ফলে সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী অনেক সংস্কার কার্যক্রমই বাস্তবায়ন করা যাচ্ছে না। সরকারের সুপারিশ অনুযায়ী কারসাজির অভিযোগে পাঁচ বিনিয়োগকারীর বিরুদ্ধে মামলা হলেও অনেকগুলো অধিকতর তদন্তের ব্যাপারে তেমন কোনো অগ্রগতি নেই। জানা গেছে, বাজারে যাতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি না হয়, এ জন্য এসইসি কিছুটা ধীরে চলো নীতিতে চলছে। একদিকে বাজারে স্থিতিশীলতা, অন্যদিকে সংস্কার—এ দুটি বিষয়ের সমন্বয় করতে গিয়ে রীতিমতো সংকটে রয়েছে সংস্থাটি।যোগাযোগ করা হলে এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘এ দুটি কাজের সমন্বয় ঘটানো এসইসির জন্য একটি বড় চ্যালেঞ্জ। কতটা দক্ষতার সঙ্গে কাজ দুটি করা যাচ্ছে, তার ওপর বাজারে স্থিতিশীলতা অনেকখানি নির্ভর করবে।’ তাঁর মতে, বাজারে এ মুহূর্তে তারল্যসংকট একটি বড় সমস্যা। তবে বিনিয়োগকারীদের আস্থাহীনতা সব সংকট ছাপিয়ে গেছে। সংস্কার কর্মসূচি ব্যাহত করতেই বাজার অস্থিতিশীল করা হচ্ছে কি না, সে বিষয়টিও সরকারকে খতিয়ে দেখার পরামর্শ দেন তিনি। এদিকে গত মঙ্গলবার এক দিন সূচক বাড়ার পর গতকাল বুধবার বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। মঙ্গলবার লেনদেন চলাকালেই এসইসি জানিয়েছিল, ব্যাংক ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের একক গ্রাহক ঋণসীমা (সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিট) সমন্বয়ের সময় বাড়ানোর আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই আশ্বাসের ওপর ভর করে ওই দিনই দুই বাজারে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম বাড়ে। কিন্তু সেই বাড়া এক দিনও স্থায়ী হয়নি।মঙ্গলবার ডিএসইতে এক দিনে ১৩৪ পয়েন্ট সূচক বেড়েছিল। আর গতকাল দিন শেষে ঢাকার বাজারে মূল্যসূচক ৯৪ পয়েন্ট কমে পাঁচ হাজার ৯৬১ পয়েন্টে নেমে আসে। তবে দরপতন ঘটলেও ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। গতকাল ডিএসইতে ৩৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে। আর বাজারের এ পস্থিতিতে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা যথারীতি বিক্ষোভ অব্যাহত রেখেছেন। ঢাকা ও চট্টগ্রামে আলাদা আলাদাভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তাঁরা। পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে একদল বিনিয়োগকারী গতকাল সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। বেলা তিনটার পর লেনদেন শেষে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা সড়কে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে তা সম্ভব হয়নি। বিনিয়োগকারীদের আস্থাহীনতা প্রসঙ্গে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, বাজার স্থিতিশীল করতে গিয়ে সরকারের পক্ষ থেকে বিনিয়োগকারীদের বিভিন্ন সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই তা পরিপালন করা হয়নি। উদাহরণ হিসেবে তিনি বলেন, বাজারের ধস ঠেকাতে পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড গঠন করা হচ্ছে বলে প্রচার করা হলো। এতে অনেক বিনিয়োগকারী আশান্বিত হয়ে নতুন করে বিনিয়োগে গেলেন। কিন্তু এখন পর্যন্ত তহবিলটি পরিপূর্ণ হয়নি। তা ছাড়া তহবিলটি বাজারে তেমন কোনো কার্যকর প্রভাবও ফেলতে পারেনি। এরপর বাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হলো। এতে সূচক প্রায় এক হাজার ২০০ পয়েন্টের মতো বেড়ে গেল। যারা বোঝে যে, সুযোগ দেওয়া হলেও বেশি টাকা আসবে না, তারা হয়তো এ সময় তেমন বিনিয়োগ করেনি। কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা না বুঝে আবার বিনিয়োগ করল। এই যে বাজারকে স্থিতিশীল করতে গিয়ে বিভিন্ন সময় যেসব পদক্ষেপ নেওয়া হলো তার কোনোটিই তেমনভাবে বাস্তবায়ন করা হয়নি। ফলে প্রতিশ্রুতিগুলোর প্রতি বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলেছেন। তাই সরকারের পক্ষ থেকে এমন কোনো প্রতিশ্রুতি দেওয়া উচিত নয়, যা পরিপালন করা যাবে না।ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, ‘বাজারে সূচক কমে যাওয়াটাকে খুব একটা সমস্যা হিসেবে দেখি না। তবে লেনদেন যেভাবে কমছে, তা বাজারের জন্য মোটেও ভালো নয়। এ ক্ষেত্রে সরকার অন্যভাবে তারল্য সরবরাহের কথা ভাবতে হবে। তবে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা শিথিল করলেই যে তারল্যসংকট কাটবে, সেই ধারণার সঙ্গে তিনি একমত নন। বিকল্প তারল্য সরবরাহ প্রসঙ্গে কসমোপলিটন ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচারক মাসরিব জাহিদ প্রথম আলোকে বলেন, বিদেশি অনেক তহবিল ব্যবস্থাপক বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী। কিন্তু চলতি বছরের বাজেটে বিদেশি পোর্টফোলিও (পত্রকোষ) বিনিয়োগের ওপর করারোপ করায় তারা আগ্রহ হারিয়ে ফেলেছে। সরকারের উচিত, এ মুহূর্তে বাজারের তারল্যসংকট কাটাতে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করা।বাজার পরিস্থিতি নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার এসইসিতে পুঁজিবাজার সমন্বয় কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে, যে কমিটিতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ দুই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরাও রয়েছেন।