বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ২১তম সাক্ষী মো. আবুল বশর। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরের ২৯ আগস্ট আহত মুক্তিযোদ্ধা ওয়াজেদকে গাড়িতে করে সাকা চৌধুরী গুডস হিলে নিয়ে যান। পরে আর তাঁকে পাওয়া যায়নি।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আবুল বশরের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহ্মুদ। সাকা চৌধুরী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।জবানবন্দিতে আবুল বশর (৬৫) বলেন, তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী থানার কদুরখিল গ্রামে। একাত্তরে তিনি চট্টগ্রাম ইস্পাত কারখানায় চাকরি করতেন এবং শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। একাত্তরের ২৫ মার্চ রাতে বন্দরের জেটিতে পাকিস্তানি সেনারা সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাসের চেষ্টা করছিল। এ সময় তাঁরা প্রতিরোধ গড়ে তোলেন। ওই রাতে পাকিস্তানি সেনারা তাঁদের ওপর আক্রমণ করে এবং অনেককে হত্যা করে। ১২ এপ্রিল পাকিস্তানি সেনারা কালুরঘাটসহ চট্টগ্রাম শহর দখল করে। এ সময় তাঁরা মুক্তিযোদ্ধাদের গ্রুপ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ২৮ আগস্ট রাতে তাঁরা গোমদন্ডি মেস কোয়ার্টারে রাজাকার ক্যাম্প আক্রমণ করেন। ওই যুদ্ধে ফজলু ওস্তাদ নামে পরিচিত তাঁদের কমান্ডার ও রেজাউল করিম শহীদ হন, আবদুল ওয়াজেদ নামে আরেক মুক্তিযোদ্ধা আহত হন। ওই সময় পাকিস্তানি সেনাদের পেট্রল ট্রেন কাছাকাছি এলে তাঁরা পিছু হটতে বাধ্য হন। পরদিন সকাল ৯-১০টার দিকে তিনি খবর পান, সাকা চৌধুরী পাকিস্তানি সেনাদের নিয়ে সেখানে আহত ওয়াজেদের মুখে থুথু দেন এবং গাড়িতে করে গুডস হিলে (চট্টগ্রাম শহরে সাকা চৌধুরীর পৈতৃক বাড়ি) নিয়ে যান। এরপর আর ওয়াজেদের খোঁজ পাওয়া যায়নি। অন্য দুজন শহীদের লাশ কোথায় ফেলা হয়, তা তিনি জানতে পারেননি। দেশ স্বাধীন হওয়ার পর রাজাকার কমান্ডার জাকেরের কাছে তিনি জানতে পারেন, আহত ওয়াজেদকে গুডস হিলে নেওয়ার পর তাঁর কাছে মুক্তিযোদ্ধাদের সন্ধান জানতে চাওয়া হয় এবং তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়।আবুল বশর বলেন, একাত্তরের জুলাই মাসের মাঝামাঝি এখলাস নামের এক মুক্তিযোদ্ধাকে খোকার দোকানের সামনে থেকে রাজাকাররা ধরে গুডস হিলে নিয়ে যায়। এখলাসের বাবা মুসলিম লীগ করতেন, তিন দিন পর তিনি মুসলিম লীগের কয়েকজনকে নিয়ে গুডস হিলে যান। সেখান থেকে এখলাসের লাশ নিয়ে এসে নিজ বাড়িতে দাফন করেন।জবানবন্দি শেষে আবুল বশর আসামির কাঠগড়ায় থাকা সাকা চৌধুরীকে শনাক্ত করেন। ১৮ মার্চ এই সাক্ষীকে জেরার দিন ধার্য করা হয়েছে।