সাভারের রানা প্লাজা ধসে হাজার হাজার শ্রমিকের প্রাণ ও অঙ্গহানি হওয়ার তিন মাস পেরিয়ে গেলেও অধিকাংশ শ্রমিক এখনো ক্ষতিপূরণ পাননি। এমনকি নিহত, আহত, অঙ্গ-হারানো ও নিখোঁজ শ্রমিকদের পূর্ণ তালিকা প্রকাশে সরকার, মালিকপক্ষ এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশে গার্মেন্ট শ্রমিক সংহতি।সংগঠনটি আজ শুক্রবার সকালে ঢাকার তোপখানা রোডে নির্মল সেন মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রানা প্লাজা ধসে আহত-নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন এবং পোশাকশ্রমিকদের জন্য আট হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি ঘোষণার দাবি জানায়।গার্মেন্ট শ্রমিক সংহতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়েন সংগঠনের সমন্বয়ক তাসলিমা আখতার। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ, গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, হারুন মাহমুদ, আবুু শ্যামা, মাহবুব ইরান, দীপক রায় ও আসাদুজ্জামান রাসেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আল জাহিদ, নিহত শ্রমিক সোনিয়ার বাবা শহিদুল, আহত শ্রমিক ওয়ালেদা, শাহানাজ প্রমুখ। সংগঠনটি জানায়, বাংলাদেশের শ্রমিকেরা এখন আন্তর্জাতিক বাজার ও অর্থব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট। সস্তা শ্রমের জন্য বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে পোশাক তৈরি করিয়ে নেয়। পোশাক খাতে সরকারের দেওয়া প্রণোদনার ভাগীদার হচ্ছে এসব ব্র্যান্ডও। কিন্তু তারা শ্রমিকদের জন্য যথাযথ কল্যাণকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, এর আগে যেসব পোশাক কারখানার দুর্ঘটনায় শ্রমিকেরা আহত বা নিহত হয়েছেন, সেসব কারখানার মালিকদের শাস্তি নিশ্চিত করা হলে রানা প্লাজা বা তাজরীন ফ্যাশনসের মতো এত ক্ষয়ক্ষতি হতো না।সংগঠনের উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর তহবিলে কোটি কোটি টাকা অনুদানের খবর সংবাদপত্রে প্রকাশিত হলেও এসব অর্থ কাদের মধ্যে, তা কীভাবে বণ্টিত হচ্ছে, তার কোনো সঠিক হিসাব বা তথ্য নেই। নিখোঁজ শ্রমিকদের বিষয়ে উত্কণ্ঠা প্রকাশ করে বলা হয়, ‘নিখোঁজ শ্রমিকদের শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হয়েছে। কিন্তু প্রতিবেদন কবে দেওয়া হবে, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ঘোষণা নেই।’‘প্রথম আলো’য় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের কথা উল্লেখ করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘ক্ষতিপূরণ কত হওয়া উচিত এটা নিয়ে নানা দিক থেকে নানাজন নানা কথা বলেছেন। আমরা যদি কেবল ১৮৫৫ সালের চরম দুর্ঘটনা আইন দেখি তাহলেই ক্ষতিপূরণ হয় ৪৮ লাখ টাকা। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশেষজ্ঞের মতে তা ৫৪ লাখ টাকা। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও অন্যান্য সংস্থার হিসাব অনুযায়ী ক্ষতিপূরণ দাঁড়ায় ২৮ লাখ টাকা। এ ক্ষেত্রে অনুপাত অনুযায়ী সরকার শতকরা ৯ ভাগ, বিজিএমইএ ১৮ ভাগ, মালিক ২৮ ভাগ ও ব্র্যান্ড বিক্রেতা ৪৫ ভাগ বহন করার কথা। ... আমাদের দাবি, শ্রমিকদের এক জীবনের দ্বিগুণ ক্ষতিপূরণ হিসাবে ৪৮ লাখ টাকা দিতে হবে।’শ্রম আইনের সংশোধন প্রসঙ্গে সংগঠনটির বক্তব্য হলো, ‘এতে শ্রমিকের স্বার্থের চেয়ে মালিকের স্বার্থ বিবেচ্য বিষয় হিসাবে গুরুত্ব পেয়েছে।’ শ্রম আইনের সংশোধিত ধারাগুলোর কারণে শ্রমিকদের ইউনিয়ন গড়ে তোলার পথ সুগম হওয়ার বদলে আরও বেশি বন্ধুর হয়ে গেছে। এ ছাড়া শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল চালুর বিষয়টি উপেক্ষিত হওয়াতে শ্রমিক-স্বার্থ লঙ্ঘিত হওয়ার আশঙ্কা দৃঢ় হয়েছে। সংগঠনটির বক্তব্য, শ্রম আইনের সংশোধন নারীবান্ধব না হয়ে মালিকবান্ধব হয়েছে। শ্রমিক সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলো দীর্ঘদিন ধরে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি করে এলেও, নতুন আইনে তা চার মাসই রাখা হয়েছে। রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে নিহত, আহত ও পঙ্গু শ্রমিকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়া, শ্রম আইনের শ্রমিক স্বার্থপরিপন্থী ধারা বাতিল ও মাসিক আট হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানায় সংগঠনটি।