সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকদের মধ্যে এক হাজার ৪৮৬ জনের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, ৭৬ শতাংশের ওপর তাঁদের পরিবারের সদস্যরা নির্ভরশীল। দুই থেকে পাঁচ সদস্যের ওই পরিবারগুলোর জন্য ওই শ্রমিকেরা নিয়মিত গ্রামের বাড়িতে টাকা পাঠাতেন।ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ৪২৫ জন শ্রমিকের ৪৪৩টি শিশুসন্তান বিপদে রয়েছে। এসব শিশুর বেশির ভাগই মায়ের দুধ ও মায়ের তৈরি খাদ্যের ওপর নির্ভরশীল ছিল। এখন আহত ও কর্মহীন অবস্থায় থাকা ওই শ্রমিকেরা তাঁদের সন্তানদের খাওয়াতে বা দেখাশোনা করতে পারছেন না। ফলে এসব শিশু খাদ্যনিরাপত্তার হুমকির মুখে পড়েছে।এসব শ্রমিকের ক্ষয়ক্ষতি ও বর্তমান অবস্থা নিয়ে করা তাৎক্ষণিক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে। দুর্যোগবিষয়ক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর জোট ন্যাশনাল অ্যালায়েন্স ফর রিস্ক রিডাকশন ইনিশিয়েটিভ (নারী) ‘র্যা পিড নিড অ্যাসেসমেন্ট: অন সারভাইভার্স অব সাভার বিল্ডিং কলাপস’ শীর্ষক সমীক্ষা প্রতিবেদনটি তৈরি করেছে। গত ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত মাঠ জরিপের মাধ্যমে এটি তৈরি করা হয়। জরিপে দেখা যায়, আহত শ্রমিকদের ৪৩০ জন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। ৩৬৩ জন পা ও ২২৯ জন হাত হারিয়েছেন। ২০৫ জনের পাঁজর ও ১৪০ জনের মেরুদণ্ড ভেঙে গেছে। অন্যরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। ২৮৮ জন শ্রমিক মানসিকভাবে অসুস্থ বা ট্রমায় ভুগছেন। বাকিরা শরীরের অন্যান্য স্থানে আঘাত পেয়েছেন।এ ভবনধসের ঘটনায় মোট দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ১৫ জন হাসপাতালে মারা যান। আর ধ্বংসস্তূপ থেকে এক হাজার ১২৭টি লাশ উদ্ধার করা হয়। এ হিসাবে মৃতের সংখ্যা দাঁড়ায় এক হাজার ১৪২।জরিপকারী দল সূত্রে জানা গেছে, জীবিত উদ্ধার হওয়া ৯৫২ জন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাঁরা সবাই হাসপাতালে চিকিৎসা নিয়ে গ্রামের বাড়ি বা অন্যত্র চলে গেছেন। তাঁরা কী ধরনের চিকিৎসা বা সহায়তা পেয়েছেন, তা জানা যায়নি। তবে জরিপের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, ৯৫২ জনের বেশির ভাগই এখন পর্যন্ত তেমন সরকারি বা বেসরকারি সহায়তা পাননি।সমীক্ষাটির তত্ত্বাবধানকারী সাজিদ রায়হান প্রথম আলোকে বলেন, শ্রমিকদের পাশাপাশি শ্রমিক পরিবারের সদস্যরাও দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের শুধু টাকা ও খাদ্যসহায়তা দিলেই হবে না। তাঁদের ওপর নির্ভরশীল সদস্যদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সমীক্ষায় দেখা গেছে, প্রায় এক হাজার শ্রমিক সাভার এলাকার হাসপাতাল ও ক্লিনিক থেকে চিকিৎসা নিয়ে অন্যত্র চলে গেছেন। রানা প্লাজার পৌনে দুই কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে অবস্থিত প্রতিটি হাসপাতাল, ক্লিনিক, মহল্লা ও গ্রামে গিয়ে রানা প্লাজা থেকে উদ্ধার হওয়া শ্রমিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।জরিপে দেখা গেছে, প্রায় এক হাজার শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়ে গ্রামের বাড়ি বা অন্যত্র চলে গেছেন। এসব শ্রমিক এখন কোথায় আছেন, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সরকারি-বেসরকারি যেসব সহায়তা আসছে, তার প্রায় পুরোটা যাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাঁরা পেয়েছেন। আর ওই এক হাজার শ্রমিকের চিকিৎসার অবস্থা সম্পর্কে কোনো তথ্য মেলেনি। তাঁরা আর্থিক সহায়তাও পাননি।সহায়তা প্রয়োজন: আহত শ্রমিকদের ক্ষয়ক্ষতির ধরন পর্যালোচনা করে দেখা গেছে, ৫৭০ জনের ধারাবাহিক চিকিৎসা বা ফলোআপ চিকিৎসা হওয়া প্রয়োজন। ১৩২ জনের আরও চিকিৎসা প্রয়োজন। ১০৪ জনের মানসিক চিকিৎসা প্রয়োজন। এক হাজার ৪৮৬ জন শ্রমিকের মধ্যে এক হাজার ৪১ জন সরকারি-বেসরকারি সহায়তা পেয়েছেন। ৭৭৮ জন শ্রমিক পাঁচ থেকে ১০ হাজার টাকা অর্থসহায়তা পেয়েছেন। ১৮৮ জন শুধু খাদ্যসহায়তা পেয়েছেন। ওষুধ পেয়েছেন ২৩ জন এবং কাপড় পেয়েছেন ১১১ জন।তবে বিজিএমইএর পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা এ পর্যন্ত চারটি কারখানার শ্রমিকদের বকেয়া পাওনা হিসেবে ছয় কোটি টাকা ও চিকিৎসা বাবদ দুই কোটি টাকা দিয়েছে। শ্রমিকদের পুনর্বাসনের জন্য তারা ১০ কোটি টাকার তহবিল সংগ্রহে নেমেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়া হচ্ছে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৮০ কোটি টাকা, ডাচ্-বাংলা ব্যাংক ১১ কোটি ২৭ লাখ টাকা এবং ইউনাইটেড গ্রুপ থেকে আড়াই কোটি টাকা দেওয়া হয়েছে। এর বাইরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর তহবিলে সহায়তা দেওয়া হচ্ছে। এ ছাড়া মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলে ৬ জুন পর্যন্ত জমা হয়েছে এক কোটি ৭৩ লাখ ৬২ হাজার ১৭৬ টাকা। এ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসা ও সহায়তার কাজ চলছে।জরিপে দেখা গেছে, আহত ব্যক্তিদের ১১ শতাংশের ব্যাংক হিসাব ছিল। ৮৭ শতাংশের জাতীয় পরিচয়পত্র নেই। ৮২ শতাংশের কারখানার পরিচয়পত্র আছে। নিয়ম অনুযায়ী, কোনো কারখানায় ১৮ বছরের নিচে শ্রমিক থাকার কথা নয়। এত বিপুলসংখ্যক শ্রমিকের জাতীয় পরিচয়পত্র না থাকার কারণ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, গত জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার পরিচয়পত্র তৈরি করা হয়েছিল। ১৮ বছরের ওপরে যাঁদের বয়স, তাঁদের জন্য জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছিল।প্রতিবেদনে ধারণা করা হয়েছে, জাতীয় পরিচয়পত্র তৈরির সময় ওই শ্রমিকদের বয়স ১৮-এর নিচে ছিল। অথবা তাঁরা গ্রাম থেকে শহরে এসে অস্থায়ীভাবে বসবাস করায় জাতীয় পরিচয়পত্র পাননি।শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার প্রথম আলোকে বলেন, এক হাজার ১২৯ জন নিহত ও প্রায় ৮০০ আহত শ্রমিককে সরকার থেকে সহায়তা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। যাঁদের ব্যাংক হিসাব ও জাতীয় পরিচয়পত্র নেই, তাঁদের জন্য বিশেষ ব্যবস্থায় সহায়তা পৌঁছে দেওয়া হবে।