আহত ২০০ শ্রমিককে দীর্ঘদিন চিকিৎসা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসে আহত প্রায় ২০০ জন শ্রমিককে দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হবে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের দেখে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) প্রাথমিকভাবে এসব তথ্য জানিয়েছে। আহত এসব ব্যক্তিকে মানসম্পন্ন চিকিৎসা ও পুনর্বাসনসেবা দেওয়ার মতো সক্ষমতাও সব প্রতিষ্ঠানের নেই।সরকারের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের তথ্য অনুযায়ী, সাভারে ভবনধসে আহত ব্যক্তিদের মধ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৫৪৫ জন। ভবনধসের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল পর্যন্ত মারা গেছেন নয়জন।সিআরপির দাতা সমন্বয়কারী কর্মকর্তা পলাশ কুণ্ডু বলেন, সিআরপির বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে গিয়ে সাভারে ভবনধসে আহত ব্যক্তিদের সম্পর্কে তথ্য সংগ্রহ করেছে। এতে দেখা যায়, আহত প্রায় ২০০ শ্রমিকের দীর্ঘমেয়াদি চিকিৎসা লাগবে।এদিকে ঢাকা মেডিকেল, পঙ্গু হাসপাতাল ও এনাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ প্রথম আলোকে জানিয়েছে, খুলনার পাখি বেগমের দুই পা কেটে ফেলতে হয়েছে। এক হাত বা এক পা কেটে ফেলার প্রয়োজন হয়েছে এমন শ্রমিকের সংখ্যা ১২ জন। ২০ জনের কিডনির সমস্যা দেখা দিয়েছে। দুটি সরকারি ও একটি বেসরকারি হাসপাতালে তাঁদের ডায়ালাইসিস করা হচ্ছে। ৩০ জনের মতো মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।বেশ কয়েকজন সরকারি ও বেসরকারি চিকিৎসক বলেছেন, আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সরকারের উচিত কেন্দ্রীয়ভাবে তাঁদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মূল্যায়ন করা। নাম প্রকাশে অনিচ্ছুক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকারের পক্ষ থেকে কাজটি করা হচ্ছে। পুরো চিত্র পেতে তিন-চার দিন লাগবে। তিনি বলেন, আহত ব্যক্তিদের যত দিন দরকার চিকিৎসা দেওয়া হবে। যাঁরা কোনো কাজ করতে পারবেন না, তাঁদের এককালীন বড় অঙ্কের টাকা দেওয়া হবে। অন্যদের পোশাকমালিকদের সহায়তায় বিভিন্ন কারখানায় কাজ দেওয়া হবে।ভবনধসে আহত শ্রমিকদের মধ্যে ২৮ জন সিআরপিতে চিকিৎসাধীন। তাঁদের একজন সাবিনা (১৮) রানা প্লাজার আটতলার পোশাক কারখানায় কাজ করতেন। কোমরে গুরুতর আঘাত পাওয়া সাবিনা ডান পা নাড়াতে পারছেন না। তিনি বলেন, ‘জীবনে আর পোশাক কারখানায় কাজ করুম না।’ চিকিৎসক জানান, সাবিনার সেরে উঠতে কমপক্ষে এক মাস সময় লাগবে।পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন পোশাকশ্রমিক রুমা আকতারের ডান পা ও কণ্ঠিহাড় ভেঙে গেছে। চিকিৎসকেরা জানান, রুমার হাসপাতাল ছাড়ার মতো সুস্থ হতে ছয় সপ্তাহ লাগবে।রুমা বলেন, সরকার কাজ দিলে তিনি করবেন, তবে পোশাক কারখানায় নয়। ভবনধসে গুরুতর আহত ব্যক্তিদের ৯৭ জন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।পঙ্গু হাসপাতালের পরিচালক খন্দকার আবদুল আওয়াল বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসায় ফিজিওথেরাপি খুব জরুরি। যাঁদের এ বিশেষায়িত জনবল নেই, তাঁরা এ ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের সহায়তা নিতে পারেন।সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ১৪৮ জন। ওই হাসপাতালের একজন কর্মকর্তা জানান, তিন থেকে ছয় মাস হাসপাতালে থাকতে হতে পারে—সেখানে এমন রোগীর সংখ্যা ৩৫ থেকে ৪০ জন। এনাম হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রের প্রধান মো. রেজাউল করিম বলেন, সাধারণ একজন রোগীকে ছয় মাস হাসপাতালে রাখতে খরচ পড়ে তিন লাখ টাকা। তবে ভবনধসে আহত যাঁরা এখানে চিকিৎসাধীন, তাঁদের চিকিৎসা চলছে বিনা মূল্যে।সিআরপির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বলেছেন, সিআরপিতে চিকিৎসাধীন গুরুতর আহত ব্যক্তিদের সুস্থ হতে তিন থেকে ছয় মাস লাগবে। যাঁরা প্রচণ্ড আঘাত পেয়েছেন বা হাত-পা কাটা গেছে, তাঁদের ফিজিওথেরাপির দরকার আছে। সব প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি দেওয়ার আয়োজন বা দক্ষ জনবল নেই।সিআরপি জানায়, আহত কিছু পোশাকশ্রমিক আর কাজ করতে পারবেন না, অনেকে পোশাক কারখানায় কাজ করবেন না বলে জানিয়েছেন। তাঁদের পুনর্বাসনে ভোকেশনাল শিক্ষার আয়োজন করছে সিআরপি। তবে সরকারের পক্ষ থেকে এখনো এমন উদ্যোগ নেওয়া হয়নি।এদিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকেরা চারটি দলে ভাগ হয়ে বিভিন্ন হাসপাতালে গিয়ে ভবনধসে আহত ব্যক্তিদের মানসিক চিকিৎসা দিচ্ছেন।