আহত ৫০ ব্যক্তির চিকিৎসার দায়িত্ব গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫০ জন শ্রমিকের দায়িত্ব নিয়েছে মেরিল-প্রথম আলো সাভার সহায়ক তহবিল। যত দিন তাঁরা হাসপাতালে থাকবেন, তত দিন তাঁদের চিকিৎসার ব্যয়ভার এ তহবিল থেকে বহন করা হবে। সার্বিক কাজ তদারকির জন্য সাভার থানা রোডে একটি ক্যাম্প খোলা হয়েছে।প্রথম আলো বন্ধুসভার সদস্যরা গতকাল শনিবার দুর্গত এলাকায় উদ্ধারকর্মীদের মধ্যে রেইনকোট বিতরণ করেছেন। একই দিন সাভার সিআরপি বন্ধুসভা শুকনা খাবার, স্যালাইন এবং পল্লবী প্রথম আলো বন্ধুসভা ২৮ হাজার টাকা আহত ব্যক্তিদের মধ্যে বিতরণ করে।গত শুক্রবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের মাঝে নগদ ৬৮ হাজার টাকা নগদ টাকা এবং লুঙ্গি, তোয়ালে, সালোয়ার-কামিজ, শুকনা খাবার, ওষুধ ও নিরাপদ পানি বিতরণ করা হয়। প্রাণ-আরএফএলের সহায়তায় বিতরণ করা হয় ১০ কনটেইনার জুস। ওই দিন বন্ধুসভার পক্ষ থেকে এক হাজার টিটেনাস টিকা এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।এর আগে গত বৃহস্পতিবার উদ্ধারকর্মীদের মাঝে মাস্ক, অ্যালবো ক্যাপ, নি ক্যাপ, এয়ার ফ্রেশনার, ব্লিচিং পাউডার, চশমা, রিস্ট ক্যাপ, সাবান ও ডেটল বিতরণ করা হয়। সামিট গ্রুপের সহায়তায় দুর্গত এলাকায় একটি জেনারেটর সরবরাহ করা হয়। দুর্গত ব্যক্তিদের সহায়তায় মেরিল-প্রথম আলো পুরস্কার অনুষ্ঠানে যে ৫৪ লাখ টাকা প্রদানের ঘোষণা দেওয়া হয় তার মধ্যে অভিনেতা রিয়াজ আশিয়ান সিটির পক্ষ থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।এনাম মেডিকেল কলেজ বন্ধুসভার উপদেষ্টা কাজী মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে মেডিকেল কলেজের ৫০ জন চিকিৎসক ও শিক্ষার্থী ঘটনার দিন থেকে রাত-দিন কাজ করে চলেছেন। তাঁদের সঙ্গে আছেন নাঈম আহাম্মেদ, সাদিয়া আফরিন, আরিফ আতিক, সৌরভ, আনিকা, ফাতেমা-তুজ-জহুরা, নাদিয়া গফুর, তানজিদ প্রমুখ। আজ রোববার স্টেট ইউনিভার্সিটি বন্ধুসভার সদস্যরা দুর্গত ব্যক্তিদের মাঝে ৩০০ শাড়ি ও খাবার বিতরণ করবে। এ ছাড়া দুর্গত ব্যক্তিদের সার্বিক সহায়তায় ধসে যাওয়া ভবনের পাশে আজ থেকে বন্ধুসভার সদস্যরা আরেকটি ক্যাম্প খুলছেন। সাভার-দুর্গতদের সহায়তায় ‘মেরিল-প্রথম আলো সাভার সহায়ক তহবিল’ গঠন করা হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে গতকাল শনিবার এ তহবিলে আরও এক লাখ ৩৮ হাজার ৩০০ টাকা জমা পড়েছে। এর আগে গত শুক্রবার মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১২ অনুষ্ঠান থেকে ৫৪ লাখ টাকা সংগৃহীত হয়।গতকাল যাঁরা তহবিলে আর্থিক সহায়তা করেছেনড. সাদিয়া ১০ হাজার, দেওয়ান রহুল আহসান পাঁচ হাজার, নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি ৩৫ হাজার, সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি ছয় হাজার ১০০, আকাঙ্ক্ষা ডেভেলপার্স লিমিটেড আট হাজার ৪০০, কে এম ফাউন্ডেশন ১০ হাজার, মো. মইনউদ্দিন ভূঁইয়া দুই হাজার, রিয়াদ জামান এক হাজার ৫০০, সেলিনা রহমান এক হাজার, পিপলস ইউনিভার্সিটি নয় হাজার, গ্রো এন এক্সেল ৫০ হাজার ও রবীন্দ্র দাস ৩০০ টাকা। শুক্রবার রাতে মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১২ অনুষ্ঠান থেকে সংগৃহীত ৫৪ লাখ টাকাসহ গতকাল পর্যন্ত মোট টাকার পরিমাণ দাঁড়াল ৫৫ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা।