আমিনবাজারে ছাত্রহত্যাবিচার বিভাগীয় তদন্তের তথ্য
আহতকে দিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছিল পুলিশ
রাজধানীর আমিনবাজারের বড়দেশী গ্রাম থেকে আহত অবস্থায় উদ্ধার হওয়া আল আমিনকে প্রাণে বাঁচানোর আশ্বাস দিয়ে গাঁজা খাওয়া ও ডাকাতির কথা স্বীকার করতে বাধ্য করেছে সাভার থানার পুলিশ। এরপর আল আমিনের মুখ দিয়ে তা গণমাধ্যমেও বলানো হয়েছে। পুলিশ জেনেবুঝে গণপিটুনিতে নিহত ছাত্রদের বিরুদ্ধে ডাকাতির মিথ্যা মামলা করেছে। মর্মস্পর্শী এ ঘটনার পরও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পর্যন্ত সত্য ঘটনা জানা বা জানানোর চেষ্টা করেননি।গণপিটুনিতে ছাত্র হত্যার ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন ছয়জন শিক্ষার্থী ওখানে বেড়ানোর উদ্দেশ্যেই গিয়েছিল। তারা মাদক সেবন করতে গিয়েছিল—এমন তথ্য পায়নি তদন্ত কমিটি। প্রতিবেদনে স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ীর নাম উল্লেখ করে তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। গণপিটুনিতে ছাত্র হত্যার ঘটনায় আইনজীবী তাজুল ইসলাম রিট আবেদন করলে হাইকোর্ট বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক মহানগর হাকিম উৎপল চৌধুরীকে দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেন। কমিটি গত ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এ কে এম সামসুল ইসলামের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে তা প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। প্রধান বিচারপতির নির্দেশে ৯ অক্টোবর এ প্রতিবেদন রিট আবেদনকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদন পেয়েছেন বলে জানান। ২০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ১১ জন পুলিশ সদস্য, নিহত ছাত্রদের পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দাসহ ৫৪ জনের সাক্ষ্য সংযুক্ত করা হয়েছে।গত ১৭ জুলাই শবে বরাতের রাতে রাজধানীর উপকণ্ঠে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামে ঘুরতে গিয়ে গণপিটুনিতে নিহত হয়েছে ছয় ছাত্র। আহত অবস্থায় উদ্ধার হয় আল আমিন। নিহত ছাত্ররা হলো: শামস রহিম ওরফে শামীম, ইব্রাহিম খলিল, টিপু সুলতান, তৌহিদুর রহমান পলাশ, কামরুজ্জামান কান্ত ও মনিব সেতাব। তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।তদন্ত প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে পুলিশ আল আমিনকে উদ্ধার করে। কিন্তু তাকে হাসপাতালে নেওয়ার সময় কিছু পুলিশ সদস্যের আচরণ ও ব্যবহার সন্তোষজনক ছিল না। প্রতিবেদনে বলা হয়, দুঃখজনক হলেও এটি পরিষ্কার, উপপরিদর্শক (এসআই) হারেছ সিকদার আল আমিনকে দিয়ে ডাকাতি করা ও গাঁজা সেবনের মিথ্যা কথা আদায় করে তা প্রচার করেন। এসআই আনোয়ার হোসেন যাচাই-বাছাই না করে নিহত ছাত্রদের যেসব দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে আঘাত করা হয়েছে, সেগুলোকে ডাকাতির কাজে ব্যবহূত অস্ত্র বলে জব্দ দেখিয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ঘটনার বিষয়ে জানার সুযোগ থাকার পরও কোনো ধরনের তথ্য যাচাই না করে ডাকাতির অভিযোগে মামলা গ্রহণের নির্দেশ দেন। বিচার বিভাগীয় তদন্তে বলা হয়, ২০-২৫ জন লোক ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করে। স্থানীয় আবদুর রশিদ তদন্তকালে জানান, তাঁর পরিচিতরাই নিহত ও আহত ছাত্রদের পিটিয়েছে। তবে নির্দিষ্ট করে কারও নাম বলেননি তিনি। প্রতিবেদনে বলা হয়, আবদুর রশিদকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে তাঁর কাছ থেকে ঘটনার প্রকৃত হোতা তথা আঘাতকারী ব্যক্তিদের নাম জানা সম্ভব হবে। ঘটনাস্থলের সবচেয়ে নিকটতম স্থাপনা হলো উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এর নিরাপত্তাকর্মী ছিলেন মিলন। তদন্ত প্রতিবেদনে তাঁকেও নিবিড় জিজ্ঞাসাবাদের সুপারিশ করা হয়। তাঁর কাছ থেকেও ঘটনার বিষয়ে তথ্য উদ্ঘাটন সম্ভব। তদন্তে বলা হয়, অন্য গ্রামের যেসব লোক মসজিদে ছিলেন তাঁরা প্রথমে ঘটনাস্থলে আসেননি। মসজিদের মাইকে ঘোষণার আগেই ঘটনাস্থলের কাছাকাছি বড়দেশী গ্রামের লোকদের হাতে নিহত ও আহত ছেলেগুলো গণপিটুনির শিকার হয়। প্রতিবেদনে বলা হয়, বড়দেশী গ্রামের সৈয়দ মুরাদ হায়দার, নুর হাবিব, মিলন, মো. হামিদ, আবদুর রশিদ, আবদুল সালেক, মো. পারভেজ, আবদুল কাদির, মাছুমা ও আবদুল মালেক কমিটির কাছে যে বক্তব্য দিয়েছেন, তাতে পরস্পর যোগসাজশ ছিল। তাঁদের বক্তব্যমতে, স্থানীয় মাসুদা প্রথমে তাঁর ভাই শাহ আলমকে জানান, গ্রামে ডাকাত এসেছে। এরপর রশিদকে ফোনে জানানো হয়। আবদুর রশিদ বড়দেশী পূর্বপাড়া জামে মসজিদের সেক্রেটারি নুর হাবিবকে বলেন, খাটো ইসলামের মেয়ের বাড়িতে ডাকাত পড়ছে। নুর হাবিবের ফোন পেয়ে মুয়াজ্জিন আবদুল কাদির গ্রামে ডাকাত আসার ঘোষণা দেন মসজিদের মাইকে। কিন্তু কমিটি ডাকাতি হয়েছে—এমন কোনো সাক্ষ্য পায়নি।প্রতিবেদন অনুযায়ী, বড়দেশী গ্রামের বালুর মাঠ এলাকা মাদক কেনাবেচার একটি বড় ঘাঁটি। পুরো আমিনবাজার ইউনিয়নই অপরাধপ্রবণ এলাকা। তবে কেউ কমিটির কাছে মাদক ব্যবসায়ীদের নাম প্রকাশ করেননি। তবে সাক্ষীরা স্বীকার করেছেন, মাদক ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের প্রশাসনের লোকজন চেনেন। প্রতিবেদনে বলা হয়, মো. শাহিন, মনির হোসেন, মীর হোসেন, ওয়াসিম, অইস্যা, সাব্বির আহম্মেদ পর্বত, রুবেল, সেলিম ও কবির এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে।