আহতদের চিকিৎসা খরচ সরকার দেবে
পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বেগুনবাড়িতে ভবন উপড়ে নিহত ব্যক্তিদের স্মরণে আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন। খবর বাসস ও ইউএনবির।এই দুটি ঘটনায় নিহত ব্যক্তিদের বিদেহী আত্মার শান্তি কামনা করে গতকাল দেশের সব মসজিদে দোয়া করা হয়। একইভাবে মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। আজ শনিবার জাতীয় শোক দিবসে দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনগুলোয় এবং বিদেশে বাংলাদেশি মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানান, সরকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনে সব ধরনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী এই দুর্যোগের পরিপ্রেক্ষিতে গতকাল তাঁর দিনের সব কর্মসূচি বাতিল করেন। মুখপাত্র আরও জানান, বৃহস্পতিবার সারা রাত উদ্ধার-তৎপরতা, আহত ব্যক্তিদের চিকিৎসাসহ সার্বিক কর্মকাণ্ড তদারক করেন প্রধানমন্ত্রী।গতকাল সকালে হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। কোনো সাহায্যেই স্বজন হারানোর ক্ষতি পূরণ হওয়ার নয়।’ তিনি আহত ব্যক্তিদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন। পাশাপাশি তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানোর জন্য চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।হাসপাতাল পরিদর্শনের সময় শেখ হাসিনা কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের বার্ন ইউনিটে অপর্যাপ্ত চিকিৎসক ও সেবিকা থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার আগুনে পোড়া রোগীদের পর্যাপ্ত চিকিৎসা দিতে সব সরকারি হাসপাতালে বার্ন ইউনিট স্থাপন এবং চিকিৎসক ও সহযোগী কর্মীর সংখ্যা বাড়াতে দ্রুত পদক্ষেপ নেবে।শেখ হাসিনা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, ভূমিমন্ত্রী রেজাউল করিম, স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান সামন্ত লাল সেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক: রাষ্ট্রপতি জিল্লুর রহমান এক শোকবার্তায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পৃথক শোকবার্তায় শেখ হাসিনা নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘স্বজন হারানোর বেদনা আমি অনুভব করতে পারি।’হাসপাতালে বিরোধীদলীয় নেত্রী: বিএনপির চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দেখতে হাসপাতালে যান। তিনি সেখানে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেন।বিভিন্ন সংগঠনের শোক: নিমতলীতে প্রাণহানির ঘটনায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক জানিয়েছে। এক শোকবার্তায় জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ বলেন, অগ্নিকাণ্ডে জানমালের যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও নিহত ব্যক্তিদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেন।আলাদা শোকবার্তায় গণফোরামের সভাপতি কামাল হোসেন ও ভারপ্রাপ্ত মহাসচিব সুব্রত চৌধুরী, সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও মহাসচিব শরীফ নুরুল আম্বিয়া, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক সালাউদ্দিন ও মহাসচিব আবদুল কাদের, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন। এ ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ ঘটনায় শোক প্রকাশ করা হয়। কর্মসূচি স্থগিত: নিমতলীতে অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পরিপ্রেক্ষিতে গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাসহ সব অনুষ্ঠান স্থগিত করা হয়। এ উপলক্ষে প্রস্তুত করা পাঁচ হাজার প্যাকেট খাবার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবারও সব সরকারি কর্মসূচি স্থগিত করা হয়েছে।