আহতরা স্থায়ী স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজায় গুরুতর আহত ছয় শতাধিক শ্রমিক-কর্মচারী বিভিন্ন বেসরকারি ও সরকারি হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের একটি বড় অংশের জটিল ও স্থায়ী স্বাস্থ্য সমস্যার ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সকেরা বলছেন, কেউ কেউ শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার হবেন।জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সহযোগী অধ্যাপক মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গুরুতর আহতদের মধ্যে কেউ কেউ মারা যাবেন। যাঁরা বেঁচে থাকবেন, তাঁদের একটি অংশ সারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে থাকবেন।গতকাল শুক্রবার বেলা আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, একাধিক রোগীকে কৃত্রিমভাবে প্রস্রাব করানোর ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালের আবাসিক সার্জন হরিদাস সাহা জানান, বেশ কয়েকজন রোগীর কিডনির সমস্যা (রেনাল ফেইলুর) দেখা দিয়েছে। এ সমস্যা আরও অনেকের মধ্যেই দেখা দেবে।স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুম থেকে দেওয়া তথ্যে দেখা যায়, ঢাকা মেডিকেলসহ পাঁচটি সরকারি হাসপাতাল এবং সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ১৪টি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে গতকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৬১৩ জন গুরুতর আহত রোগী ভর্তি ছিল। তাঁদের মধ্যে ৩৬৫ জন ভর্তি ছিলেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। এ ছাড়া গত তিন দিনে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয় ৮৮৪ জনকে। মাথায় আঘাত পাওয়া এবং হাত ও পা ভাঙা রোগীর সংখ্যাই বেশি। তবে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিত্সকেরা বলছেন, ভর্তি হওয়া অধিকাংশ রোগীর শরীরের কোনো না-কোনো অংশ থেঁতলে গেছে। মনিরুল ইসলাম বলেন, যাঁরা ঘাড়ে বা মেরুদণ্ডে আঘাত পেয়েছেন, তাঁদের শরীরের নিচের অংশ প্যারালাইসিসের শিকার হবে। আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে অনেকের শরীরের ডান বা বাঁ দিক প্যারালাইসিসের শিকার হবে। আবার যাঁদের হাত বা পা দীর্ঘ সময় চাপা পড়ে ছিল, তাঁরাও একই পরিস্থিতির শিকার হবেন। তাঁরা সম্পূর্ণ সুস্থ হবেন না। তাঁদের যে ধরনের চিকিত্সা সহায়তা দরকার, তা কম হাসপাতালেই আছে। চিকিত্সকেরা বলছেন, থেঁতলে যাওয়া রোগীদের শরীরের ভেতরে রক্তক্ষরণ হয়। অনেক ক্ষেত্রে সেই রক্ত জমাট বেঁধে থাকে। জমাট রক্ত ও চর্বি রক্তনালি দিয়ে ফুসফুসে যায়, এতে গুরুতর ফুসফুসের সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা থাকে। যাঁদের বেশি রক্তক্ষরণ হয়েছে, তাঁদের কিডনির সমস্যা দেখা দেবে। হরিদাস সাহা বলেছেন, ইতিমধ্যে কিডনির সমস্যা দেখা দিতে শুরু করেছে।আহত ব্যক্তিদের প্রায় সবাই শ্রমিক শ্রেণীর বা কম বেতনের চাকরিজীবী। অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। হাত বা পা হারিয়ে উপার্জনের পথ চিরতরে বন্ধ হয়ে গেছে। তাঁদের মানসিক আঘাতও গুরুতর। এ ব্যাপারে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের শিক্ষক ও মনোরোগবিদ মোহিত কামাল বলেন, চিকিত্সার পাশাপাশি পুনর্বাসনের উদ্যোগের আশ্বাস তাঁদের মানসিক স্বাস্থ্যের জন্য সহায়ক হবে। এ জন্য সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তশালীদের তাঁদের পাশে এসে দাঁড়াতে হবে।