আহমদ শফীর বক্তব্য নারীদের জন্য অবমাননাকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের প্রতি ‘অবমাননাকর ও অশোভন’ মন্তব্য করায় হেফাজতে ইসলামের নেতা শাহ আহমদ শফীর কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহমদ শফীর বক্তব্যকে ‘জঘন্য’ বলে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (আহমদ শফী) কি মায়ের পেট থেকে জন্মান নাই? মায়ের সম্মানটুকু উনি রাখবেন না? উনার কোনো বোন নেই, ওনার স্ত্রী নেই? তাঁদের সম্মান রাখবেন না?’গতকাল শনিবার গণভবনে ৮৮টি নতুন শীতাতপনিয়ন্ত্রিত বাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফীর ওয়াজের একটি ভিডিওচিত্র সম্প্রতি ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবে বের হয়। এরপর তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, ৯৩ বছর বয়সী হেফাজতের আমির ওয়াজে নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করছেন। তিনি নারীদের বাড়ির চারদেয়ালের মাঝে আবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন। বিভিন্ন মহল থেকে এ বক্তব্যের তীব্র সমালোচনা ওঠে।শেখ হাসিনা বলেন, ‘আমি খুবই অবাক, যেখানে ইসলামই নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, সেখানে একজন ধর্মীয় নেতা কীভাবে এমন মন্তব্য করেন।’ তিনি বলেন, আহমদ শফীর এ বক্তব্যের বিরুদ্ধে দেশের নারীসমাজকে আরও সোচ্চার হওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। নবী করিম (সা.) যে ইসলাম ধর্ম প্রচার করেন, সেই ইসলাম ধর্ম প্রথম গ্রহণ করেছেন একজন মহিলা, বিবি খাদিজা। বিবি আয়েশা নবী করিমের (সা.) সঙ্গে যুদ্ধের ময়দানে যেতেন, যুদ্ধ করতেন। ইসলাম ধর্মের জন্য যে জিহাদ হয়, তাতে জীবন দিয়ে শহীদ হন একজন নারী, বিবি সুমাইয়া। আর সেই নারী সম্পর্কে এগুলো নোংরা, জঘন্য কথা বলা, আবার সেটাও একজন নারী নেতৃত্বকে মেনে নিয়ে।আহমদ শফীর ওয়াজের আধা ঘণ্টার এই ভিডিওচিত্রে তৈরি পোশাক কারখানার শ্রমিক, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়েও আপত্তিকর বক্তব্য রয়েছে। ভিডিওচিত্রে শফী বলেন, ‘মহিলা তেঁতুলের মতো।... মহিলাদের দেখলে দিলের মধ্যে লালা বাইর হয়।’এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘উনি যে নেত্রীর পাশে বসতেন, তাঁকে যদি তেঁতুল মনে করে উনার জিবে পানি আসে, তাহলে আমার কিছু বলার নেই।’শেখ হাসিনা বলেন, জামায়াত-শিবির ও হেফাজতের কর্মীরা গত ৫ মে যখন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ধ্বংসযজ্ঞ চালান, তখন তিনি (শফী) পুরোপুরি নিশ্চুপ ছিলেন। তিনি বলেন, গত ৫ মের আগে এ দেশে আর কখনো ধর্মের অবমাননা হয়নি। সেদিন জামায়াত-শিবির ও হেফাজতের জঙ্গিরা পবিত্র কোরআনের বিপুলসংখ্যক কপিতে আগুন ধরিয়ে দেয়। এ ধরনের জঘন্য নজির বিশ্বে আর কোথাও নেই।প্রধানমন্ত্রী বলেন, ৫ মে হেফাজতের ঢাকা অবরোধ কর্মসূচি চলাকালে উচ্ছৃঙ্খল জনতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না। জামায়াত-শিবির বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। তিনি বলেন, ‘অনেকে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের জন্য হেফাজতে ইসলামের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণকে দায়ী করছেন। অপরদিকে কেউ কেউ আমাদের বিরুদ্ধে সুশাসনের অভাব ও সীমাহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন। কিন্তু আমি এসব নির্বাচনে আমাদের পরাজয়ের কোনো কারণ খুঁজে পাই না।’প্রধানমন্ত্রী বলেন, ‘সব কটি নগরে বিরোধীদের চেয়ে আমরা অধিকতর যোগ্য প্রার্থী দাঁড় করিয়েছিলাম এবং গত চার বছরে এসব এলাকায় আমরা ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। স্বচ্ছ ভাবমূর্তি এবং নিজ নিজ এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেও এসব প্রার্থী নির্বাচনে জয় লাভ করতে পারেননি।’ তিনি বলেন, ‘ভোটাররা স্থানীয় উন্নয়নকে অস্বীকার ও জাতীয় ইস্যুকে প্রাধান্য দিলে ব্রিটেন এবং অন্যান্য দেশের মতো আমাদের দেশেও দলীয় ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।’