আহমাদিনেজাদের উপদেষ্টার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইসলামি প্রথাবিরোধী বিষয় প্রকাশের দায়ে’ ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের জ্যেষ্ঠ গণমাধ্যম উপদেষ্টা আলী আকবর জাভানফেকরকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনার প্রধান জাভানফেকরকে গতকাল বুধবার আটক করা হয়। ২০১১ সালের এপ্রিলের পর থেকে আহমাদিনেজাদের যেসব ঘনিষ্ঠজনকে আটক করা হয়, তিনি তাঁদের অন্যতম। বিবিসির খবরে বলা হয়, জাভানফেকরকে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠানোর মধ্য দিয়ে ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির নতুন দ্বন্দ্বের সৃষ্টি হলো। এর আগে দেশটির গোয়েন্দা সংস্থার প্রধান নিয়োগে আয়াতুল্লাহ আলীর নির্দেশ আমান্য করে আহমাদিনেজাদ দ্বন্দ্বে জড়িয়ে পড়েন।ইরানের একটি সরকারি প্রকাশনায় দেশটির নারীদের আপাদমস্তক কালো বোরখা পরার বিরোধিতা করে একটি প্রবন্ধ লিখেছিলেন জাভানফেকর। তিনি বলেন, ‘বোরখা আদতে ইরানের সংস্কৃতির অংশ ছিল না, অন্য দেশের অনুকরণে এর প্রচলন করা হয়েছে।’ এ মতামত মেনে নিতে পারেননি ইরানের ধর্মীয় নেতারা। তাই সাজা হিসেবে কারাদণ্ড দেওয়া হয়েছে জাভানফেকরকে। এপির খবরে বলা হয়, গত বছরের নভেম্বরে জাভানফেকরকে আটক করা হয় এবং পরের তিন বছর তাঁর সাংবাদিকতা চর্চা নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরে আহমাদিনেজাদের অনুরোধে ছেড়ে দেওয়া হয় তাঁকে।