ভারত ও অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে—বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপিং দেখে, ফিকশ্চার দেখে শুরুতে কেউ এটা আন্দাজও করতে পারেনি। দুই দল নিজ নিজ গ্রুপের শীর্ষে প্রথম পর্ব শেষ করবে এবং ধরলে অন্তত সেমির আগে দেখা না হওয়ার সম্ভাবনাই প্রবল ছিল। অন্য সমীকরণে একটি সম্ভাব্য চূড়ান্ত খেলার ছবিই প্রত্যাশিত ছিল এ দুই দলকে নিয়ে। শুধু র্যাঙ্কিং নয়, সাম্প্রতিক ক্রিকেটে সৃষ্ট দুই দলের ভাবমূর্তিই এমন ভাবনার উদ্রেক করেছিল। কিন্তু প্রথম পর্বে দুই দলই দুর্বলতা প্রকাশ করতে করতে অগ্রসর হওয়ায় দৃশ্যপটটা পাল্টে গেল। ফলে পরিবর্তিত দৃশ্যপটে আজ আহমেদাবাদের কোয়ার্টার ফাইনালটিকেই এবারের তারকা চিহ্নিত কোয়ার্টার ফাইনাল হিসেবে চিহ্নিত করতে হচ্ছে।প্রতিদ্বন্দ্বিতার সম্ভাব্য চূড়ান্ত ঘনত্বের নিরিখে অনেকে এটাকে বলছেন মিনি ফাইনাল। এ খেলার উইকেট নিয়ে, সম্ভাব্য টিম কম্বিনেশন নিয়ে তাই আলোচনা হচ্ছে বিস্তর। বিশেষ করে, স্বাগতিক ভারতকে নিয়ে জল্পনা-কল্পনা, পরামর্শের তাপটা একটু বেশি। উইকেট কি একটু বেশি টার্নিং করা উচিত, ভারত কি তিনজন স্পিনার খেলাবে, ইত্যকার আলোচনায় বাজার গরম। অন্যদিকে লি-টেইট-জনসনদের গতি ও উচ্ছল মৃত্যুগলির ধারাবাহিক শর্টপিচ বলের মারণাস্ত্র নিয়ে অস্ট্রেলিয়ার গরম আশাবাদ। সেই আশাবাদের আড়ালে গোপন করার প্রয়াস স্পিনজনিত সামগ্রিক আশঙ্কা। অস্ট্রেলীয় শিবিরের গতি নিয়ে ভয় ভয় ভাবটাকে পাত্তা দিতে চাইবে না ভারতের দুর্দান্ত ব্যাটিং অর্ডার এবং স্পিন গরিমা। স্বাগতিক সুবিধা নিয়ে ভারতের পক্ষে আছে টেন্ডুলকারের সবল উপস্থিতির প্রণোদনা। এই মহা তারকার সম্ভাব্য বিদায়ী বিশ্বকাপে তাঁর জন্য মহেন্দ্র সিং ধোনিদের যে বিশেষ কিছু একটা করতে হবে।অন্যদিকে রিকি পন্টিং প্রথম পর্বে অনেক কিছু খুইয়েছেন, তাঁর ফর্ম ও নেতৃত্ব বিবর্ণতার ছায়ার দিকে হাঁটছে। আজ তাঁর জন্য উপযুক্ত ক্ষেত্র ঘুরে দাঁড়ানোর। ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল এ অধিনায়ক আজ প্রকৃত প্রস্তাবে নিদারুণ চাপের মুখে। তাঁর ব্যাট তেমন করে কথা বলছে না। তাঁর আগ্রাসী অধিনায়কত্ব আজ চিহ্ন দেখাচ্ছে রক্ষণাত্মক পরিকল্পনার আশ্রয়ের। তিনি ঘন ঘন মেজাজ হারাচ্ছেন। সহমর্মীর সংখ্যা কমছে। তিনি চাপ অনুভব করছেন এবং সে অনুভূতির বহিঃপ্রকাশ ঘটছে। তাঁর প্রতিপক্ষ ধোনির অবস্থাও তথৈবচ। ধোনি মেজাজ হারাচ্ছেন না বটে, তবে তাঁর দলের প্রথম পর্বে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা তাঁকে যে বিশাল চাপের মধ্যে ফেলছে, সেটা সহজেই অনুমেয়। ভারতবর্ষের অভাবনীয় ক্রিকেট উৎসাহ ও প্রত্যাশার চাপ, লোয়ার অর্ডারের দ্রুত ভেঙে পড়া, আক্রমণে অনুজ্জ্বল আভা নিয়ে চারদিক থেকে ধেয়ে আসা পরামর্শ নিয়ে জেরবার আছেন ভারতীয় অধিনায়ক। দুই অধিনায়কই চাইবেন আজ একের চাপ অন্যের ওপর চাপিয়ে চাপমুক্তির আনন্দে বিশ্বকাপের অবশিষ্ট রাস্তা হাঁটতে। আর এই মহা চাপমুক্তির দ্বৈরথ দেখতে দেখতে আমরা পেয়ে যাব এক নান্দনিক ক্রিকেটের দিন। দুই দলেই আছেন প্রতুল সংখ্যক প্রকৃত ক্রিকেট এন্টারটেইনার। তাঁদের নৈপুণ্যে হোলির রং লাগুক আজ বিশ্বকাপ ক্রিকেটে।