আহসান হাবিবের অভিযোগের সত্যতা মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব অভিযোগ করেছেন, দুটি কেন্দ্রে তাঁর এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সরেজমিনে গিয়ে এ অভিযোগের সত্যতা মেলেনি।আজ বুধবার সকালে বরিশাল নগরের শিশু পরিবার ও অন্ধ বিদ্যালয় কেন্দ্রে প্রথম আলো ডটকমের কাছে এ অভিযোগ করেন বিএনপি-সমর্থিত এই প্রার্থী। তিনি দাবি করেন, শিশু পরিবার ও অন্ধ বিদ্যালয় কেন্দ্রের ৩ ও ৪ নম্বর কক্ষে তাঁর কোনো এজেন্ট নেই।তবে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, ওই কেন্দ্রের ৩ নম্বর কক্ষে মো. হাসান জাহাঙ্গীর ও জাকিয়া আক্তার নামের দুজন এজেন্ট রয়েছেন আহসান হাবিবের।ওই কেন্দ্রের ৪ নম্বর কক্ষে শুরুতে তাঁর কোনো এজেন্ট ছিল না। এ বিষয়ে সেখানে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার বায়েজিদ হোসেন খানের কাছে জানতে চাওয়া হলে প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ‘আমি এজেন্টের তালিকা পেয়েছি, কিন্তু এখনো কেউ আসেনি। তাই আহসান হাবিবের কক্ষে কোনো এজেন্ট নেই।’তবে বেলা সোয়া ১০টার দিকে ওবায়দুল হক নামের একজন এজেন্ট ওই কেন্দ্রের ৪ নম্বর কক্ষে এসে উপস্থিত হন। জানতে চাওয়া হলে ওবায়দুল হক বলেন, তাঁর নেতারা তাঁকে প্রথমে বলেছিলেন এজেন্ট লাগবে না। পরে তাঁকে ফোন করে আসতে বলা হয়। এ কারণে তাঁর দেরি হয়েছে। তবে কেন্দ্রে প্রবেশে তাঁকে কেউ বাধা দেয়নি।