আহসানউল্যাহ মাস্টার খুনের তদন্তে পুলিশকে বাধা
আওয়ামী লীগের সাংসদ আহসানউল্যাহ মাস্টার হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির শীর্ষস্থানীয় কোনো নেতা জড়িত কি না, বিষয়টি তদন্তে পুলিশকে বাধা দেয় ক্ষমতাসীন বিএনপির সরকার। বিশ্বস্ত সূত্রে এ কথা জানা গেছে বলে ২০০৫ সালের ১৮ এপ্রিল বাংলাদেশের তত্কালীন মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস এক তারবার্তায় ওয়াশিংটনকে বিষয়টি জানান। গোপন নথি প্রকাশ করে সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের গত ৩০ আগস্টের প্রকাশিত তথ্যে এসব কথা বলা হয়েছে।২০০৪ সালের মে মাসে আহসানউল্যাহ মাস্টারকে হত্যা করা হয়। এ হত্যা মামলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২২ জনকে মৃত্যুদণ্ড দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অধিকাংশই ছিলেন ক্ষমতাসীন দল বিএনপির নেতা-কর্মী।আদালতের ওই রায়ে আওয়ামী লীগের পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়। তবে এ হত্যাকাণ্ডের মূল হোতাদের খুঁজে বের করে বিচার করার দাবি জানায় তারা। হ্যারি কে টমাস তারবার্তায় লেখেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন, হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তে পুলিশকে বাধা দেওয়া হয়েছে।