আহসানউল্লাহ হত্যা মামলার মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ দলীয় সাবেক সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বড় রতন (৩৫) গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে টঙ্গী থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। থানা সূত্র জানায়, আজ রাত নয়টার দিকে আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বড় রতন দুবাই থেকে একটি উড়োজাহাজে করে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন। বিমান বন্দর থেকে বের হওয়ার সময় আগে থেকে ওত্ পেতে থাকা টঙ্গী থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা প্রথম আলোকে জানান, হত্যা মামলা রায়ের পর বড় রতন বিদেশে পালিয়ে যায়। পুলিশের কাছে তথ্য ছিল, আহসানউল্লাহ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রড় রতনের দেশে ফেরার কথা। কাল বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হবে। ওসি জানান, আহসাউল্লাহ হত্যা মামলায় আদালত ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। বড় রতন গ্রেপ্তারের পর এ নিয়ে দণ্ডাদেশপ্রাপ্ত ১২ জনকে গ্রেপ্তার হলো। রতনের গ্রামের বাড়ি শরীয়তপুরের সখীপুরে। তার বাবা মৃত হারুন অর রশীদ।