খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের (শেষ টার্ম) ছাত্র এ কে এম আহসানউল্লাহ ভূঁইয়া ওরফে মেহেদীর (২৫) মৃত্যুর বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে তদন্তের আবেদন করেছে কুয়েট কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বরাবর কুয়েটের রেজিস্ট্রারের লেখা পত্রে এ আবেদন জানানো হয়। এ ছাড়া আহসানউল্লাহর বাবা মো. আবদুল হাই ভূঁইয়া দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থল কুষ্টিয়ার পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের আবেদনে উল্লেখ করেছে, গত ২১ নভেম্বর আহসানউল্লাহ তাঁর বন্ধু মো. আতিকের (২৬) বিয়ে উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে যান। বিয়েবাড়ি থেকে ২২ নভেম্বর দৌলতপুরের একটি হোটেলে (পূর্বাশা) আহসানউল্লাহ ও তাঁর বন্ধু মোহন (২৭) রাত্রি যাপন করেন। রাতে মোহন অসুস্থ হয়ে পড়লে হোটেল কর্তৃপক্ষ দৌলতপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশ মোহনকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ এ সময় আহসানউল্লাহকে থানায় আটকে রাখে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং সবশেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ২২ নভেম্বর দিবাগত রাত একটা ১৫ মিনিটে তিনি মারা যান। পুরো ঘটনাটি ক্যাম্পাসের বাইরে হওয়ায় এবং এ মৃত্যুর পেছনের রহস্য উন্মোচনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে।নিহত আহসানউল্লাহর বাবা বলেন, ‘আতিকের সঙ্গে আহসানউল্লাহর সম্পর্ক ভালো ছিল না। বিয়েতে যাওয়ার জন্য আতিক অনেকবার তাকে ফোন করেছিল। আতিকের জোরাজুরির কারণেই ইচ্ছা না থাকলেও সে বিয়ের অনুষ্ঠানে যায়। আতিকই তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সঠিক তদন্তের জন্য আমি কুষ্টিয়া পুলিশ সুপারের কাছে আবেদন করেছি। আমি আমার ছেলের মৃত্যুর পেছনে দায়ী ব্যক্তিদের বিচার চাই।’এ বিষয়ে কুয়েটের উপাচার্য মুহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, ‘কুয়েটের একজন মেধাবী ছাত্র ক্যাম্পাসের বাইরে অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেও পুলিশ বা প্রশাসন আমাদের এ বিষয়ে কোনো খবর দেয়নি। এ কারণেই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে। ডাক্তারি প্রত্যয়নপত্রে অজানা কারণে মৃত্যুর কথা লেখা থাকলেও পুলিশ নেশাজাতীয় দ্রব্যের কথা বলেছে, যা আমাদের অন্য কিছু সন্দেহ করতে বাধ্য করছে। আমরা কুয়েটের মেধাবী ছাত্রের মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছি।’গত ২১ নভেম্বর আহসানউল্লাহ তাঁর বন্ধু মো. আতিকের (২৬) বিয়ে উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে যান। ২২ নভেম্বর তিনি ও তাঁর বন্ধু মোহন স্থানীয় একটি হোটেলে রাত্রি যাপন করেন। এ সময় অসুস্থ হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমে মোহনের এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহসানউল্লাহর মৃত্যু হয়। পুলিশ প্রাথমিকভাবে বিষাক্ত স্পিরিট খেয়ে উভয়ের মৃত্যু হয়েছে বলে ধারণা করে।