আহসানগঞ্জ রেলস্টেশন যেন বাজার
ছবি দেখে মনে হবে এটা তরিতরকারি ও অন্যান্য পণ্যের হাটবাজার। কিন্তু না, এটা একটা রেলস্টেশন। বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের আত্রাই উপজেলার আহাসনগঞ্জ রেলস্টেশন। প্লটফর্মের ওপর অবৈধভাবে গড়ে উঠেছে কাঁচা তরিতরকারিরসহ বিভিন্ন দোকানপাট। এতে করে অপেক্ষমাণ ট্রেনযাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।সরেজমিনে দেখা গেছে, বর্তমানে প্লটফর্মের বেশির ভাগ জায়গা চলে গেছে এসব অবৈধ দোকানির দখলে। এ ছাড়া দীর্ঘদিন স্টেশনটি সংস্কার না করায় যাত্রীরা দুর্ভোগ পোহায়। প্লাটফর্মের টিকিট কাউন্টার থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত ঠাসাঠাসি করে দোকানপাট গড়ে ওঠায় যাত্রীরা প্লাটফর্মে ঠিকমতো দাঁড়াতেও পারে না। গোটা প্লাটফর্মে শুধু দোকানপাটই নয়, হকারদের জমজমাট মজমাও নিয়মিত বসে। সর্বদা নোংরা হয়ে থাকে প্লাটফর্ম এলাকা।সরকারদলীয় কোনো মন্ত্রী-সাংসদ অথবা রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যখন স্টেশনে আসেন, তখন এসব অবৈধ দোকান উধাও হয়ে প্লাটফর্মটি ছিমছাম হয়ে যায়। আবার কর্তাব্যক্তিরা চলে গেলে প্লাটফর্মটি আগের মতোই হাটবাজারে পরিণত হয়। জানা গেছে, প্লাটফর্মের অনেক দোকানে গাঁজা ও ফেনসিডিল পর্যন্ত বিক্রি হয়।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত স্টেশনে প্রথম শ্রেণীর যাত্রীদের বসার কক্ষটি বহু বছর আগে থেকেই ব্যবহারের অনুপযোগী। দ্বিতীয় শ্রেণীর বিশ্রমাগারটি দখল করে আছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী। স্টেশনে ব্যক্তি উদ্যোগে একটি শৌচাগার থাকলেও সেটি স্বাস্থ্যসম্মত নয়। স্টেশনে কোনো টিউবওয়েল না থাকায় যাত্রীরা পানির সংকটে ভোগে।স্টেশনের টিনের ছাউনিতে বড় বড় ছিদ্র হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই যাত্রীদের ভিজতে হয়। এ ছাড়া স্টেশনের বেশির ভাগ বৈদ্যুতিক বাল্ব নষ্ট, রাতে যাত্রীদের অন্ধকারে নিরাপত্তাহীন অবস্থায় ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়।এত সব সমস্যা ও অভিযোগের ব্যাপারে স্টেশনমাস্টার মো. ইসমাইল হোসেন বলেন, ‘এ ধরনের অবৈধ দোকান আর কোনো স্টেশনে আছে কি না, আমার জানা নেই। স্টেশনের ৯০ শতাংশ দোকনপাট অবৈধ। এসব ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার বললেও কোনো সুরাহা হয়নি।’