আহসানগঞ্জ রেলস্টেশন যেন বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি দেখে মনে হবে, এটা আম ও পণ্যসামগ্রীর হাটবাজার। কিন্তু না, এটা একটা রেলস্টেশন। বাংলাদেশ রেলওয়ের পশ্চিম জোনের আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন। এখানে অবৈধভাবে গড়ে উঠেছে আম ও কাঁচা তরকারির দোকানপাট। প্রবেশমুখ থেকে শুরু করে প্লাটফর্মজুড়ে গড়ে উঠেছে এগুলো। ফলে অপেক্ষমাণ ট্রেনযাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বর্তমানে প্লাটফর্মের বেশির ভাগ জায়গা চলে গেছে অবৈধ দোকানির দখলে। এ ছাড়া দীর্ঘদিন স্টেশনটি সংস্কার না করায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। টিকিট কাউন্টার থেকে শুরু করে অপর প্রান্ত পর্যন্ত ঠাসাঠাসি করে দোকানপাট গড়ে ওঠায় যাত্রীরা ঠিকমতো দাঁড়াতেও পারে না। পুরো প্লাটফর্মে শুধু দোকানপাটই নয়, হকারদের জমজমাট আড্ডাও চলে। সব সময় নোংরা হয়ে থাকে স্থানটি।খোঁজ নিয়ে জানা গেছে, কোনো মন্ত্রী, সাংসদ বা রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা যখন আসেন, তখন অবৈধ দোকানগুলো উধাও হয়ে মুহূর্তে ছিমছাম হয়ে যায়। কর্তাব্যক্তিরা চলে গেলে আগের মতোই হাটবাজারে পরিণত হয় স্টেশনটি। জানা গেছে, অনেক দোকানে গাঁজা-ফেনসিডিলও বিক্রি হয়।খোঁজ নিয়ে আরও জানা গেছে, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত প্রথম শ্রেণীর যাত্রীদের বসার কক্ষটি অনেক বছর আগেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগারটি দখল করে আছে রেলওয়ের নিরাপত্তা বাহিনী। স্টেশনে ব্যক্তি-উদ্যোগে নির্মিত একটি শৌচাগার থাকলেও সেটি স্বাস্থ্যসম্মত নয় এবং কোনো নলকূপ না থাকায় যাত্রীরা পানির সংকটে ভোগে।স্টেশনের টিনের ছাউনিতে বড় বড় ছিদ্র হওয়ায় সামান্য বৃষ্টিতেই যাত্রীদের ভিজতে হয়। এ ছাড়া স্টেশনের বেশির ভাগ নির্ধারিত জায়গায় বৈদ্যুতিক বাল্ব না থাকায় রাতে যাত্রীদের অন্ধকারে নিরাপত্তাহীন অবস্থায় ট্রেনের জন্য অপেক্ষা করতে হয়। নিয়মিত ট্রেনে যাতায়াত করেন আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামের ডিএস জাহিদ, পাঁচপাকিয়া গ্রামের জাহেদুল ইসলাম, চকশিমলা গ্রামের জেসমিন আরা, কচুয়া গ্রামের দিপ্তী রানী, গোপালবাটি গ্রামের আবুল হোসেন প্রমুখ। আবুল হোসেন বলেন, ‘আহসানগঞ্জ স্টেশনটি দোকানপাটে ভরে যাওয়ায় ঠিকমতো দাঁড়ানো পর্যন্ত যায় না। বিশেষ করে স্টেশনের প্রবেশমুখে ফলমূলের দোকান বসায় দোকানদারদের ধাক্কধাক্কি করে স্টেশনে ঢুকতে হয়। এ এক অসহনীয় ব্যাপার।’ এত সব সমস্যা ও অভিযোগের ব্যাপারে স্টেশনমাস্টার দেওয়ান নূরে আলম বলেন, ‘এ ধরনের অবৈধ দোকান আর কোনো স্টেশনে আছে কি না, আমার জানা নেই। স্টেশনের ৯০ শতাংশ দোকান অবৈধ। স্থানীয় প্রভাবশালীদের ভয়ে কাউকে কিছু বলতে পারি না। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত এবং মৌখিকভাবে বারবার জানানোর পরও কোনো সুরাহা হয়নি।’