আহাম্মদ হত্যায় এক বড় ব্যবসায়ী সংশ্লিষ্ট!
ঢাকা সিটি করপোরেশনের ৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবদলের (দক্ষিণ) সভাপতি আহাম্মদ হোসেন খুনের ঘটনায় দেশের নামকরা একটি আবাসন কোম্পানির মালিকের সংশ্লিষ্টতার আভাস পেয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান নাজিমউদ্দীন পুলিশের কাছে ওই ব্যবসায়ীর ব্যাপারে তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ওই কাউন্সিলরের সঙ্গে বিরোধ ও তাঁকে খুন করার আগে বিষয়টি তিনি ওই ব্যবসায়ীকে জানিয়েছিলেন।জানতে চাইলে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, চেয়ারম্যান নাজিমউদ্দীনের কাছ থেকে পাওয়া তথ্য পুলিশ যাচাই-বাছাই করে দেখছে। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান নাজিমউদ্দীনকে গ্রেপ্তার করার পর সরকারি ও বিরোধী দলের কয়েকজন প্রভাবশালী নেতা তাঁকে ছাড়িয়ে নিতে তদবির করেছেন। তদবিরের তালিকায় পুলিশের কর্মকর্তা ও পদস্থ সরকারি কর্মকর্তারাও আছেন। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে নাজিম জানান, কেরানীগঞ্জে একটি আবাসন প্রকল্প চালু করার সময় ওই প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। তিনি ওই প্রকল্পের জন্য কিছু জমি দখল করে দিয়েছেন। এ কারণে প্রতিষ্ঠানটির মালিক উপহার হিসেবে তাঁকে একটি ফ্ল্যাটও দেন। তৃতীয় স্ত্রীকে নিয়ে তিনি সেই ফ্ল্যাটে থাকেন। এই ঘরে তাঁর একটি সন্তানও আছে। ওই ব্যবসায়ীর সঙ্গে তিনি কেরানীগঞ্জে দুটি প্রকল্প ও বরিশালের বাবুগঞ্জে একটি প্রকল্পে জড়িয়ে পড়েন। তিনি বাবুগঞ্জের প্রকল্পের পরিচালক বলেও দাবি করেন। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, এ ঘটনায় চেয়ারম্যান নাজিমউদ্দীনের ব্যাপারে তাঁরা ছিলেন অন্ধকারে। নিহত কাউন্সিলরের পরিবারের পক্ষ থেকেও এ নিয়ে কোনো অভিযোগ করা হয়নি। কিন্তু ডাকাত শহীদের প্রধান অনুসারী শহীদুল ইসলাম ওরফে বিদ্যুৎকে গ্রেপ্তারের পর তাঁরা নাজিমউদ্দীনের সংশ্লিষ্টতার ব্যাপারে জানতে পারেন। বিদ্যুতের স্বীকারোক্তি অনুযায়ী নাজিমকে গ্রেপ্তার করা হয়। এরপর গ্রেপ্তার হন শ্যুটার কাউসার আহম্মেদ। এর আগে এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হন আসলাম, নান্টু ও কাউন্সিলর আহাম্মদের ব্যক্তিগত কর্মী গুড্ডু। গুড্ডু এখন কারাগারে আছেন। তাঁকে আবার রিমান্ডে আনা হবে বলে পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।গ্রেপ্তার হওয়া তিনজনকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে আনা হয়। এর আগে জিজ্ঞাসাবাদে বিদ্যুৎ গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন, নাজিম কলকাতায় গিয়ে কাউন্সিলর খুনের ব্যাপারে ডাকাত শহীদের সঙ্গে চুক্তি করে আসেন। এরপর ডাকাত শহীদ তাঁকে নির্দেশ দিলে তাঁরা কাউন্সিলরকে খুন করেন। নাজিম জানান, খুনের দিন তিনি ছিলেন বরিশালে। ঢাকায় আসার পথে রাতে খুনের খবর পান। এরপর আবার বরিশালে ফিরে যান। তিন দিন সেখানে থেকে ঢাকায় ফিরে আসেন।