আহ্কাম উল্লাহ্র একক আবৃত্তি
আবৃত্তি সংগঠন স্বরশ্রুতির ২৮ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা, স্মৃতিচারণা এবং আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহ্র আবৃত্তিসন্ধ্যা। অনুষ্ঠানে আহ্কাম উল্লাহ্র দ্রোহের সাথে প্রেম, জন্মেছি এই দেশে ও আমি যখন যোদ্ধা শিরোনামে তিনটি আবৃত্তি অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। জাঁকজমক এই অনুষ্ঠানের উদ্বোধন এবং অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি সাংসদ আসাদুজ্জামান নূর।অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল আহ্কাম উল্লাহ্র একক আবৃত্তি। এটি তাঁর প্রথম একক আবৃত্তিসন্ধ্যা। তিনি ২৩ জন কবির ৩০টি কবিতা আবৃত্তি করেন। কবি ও কবিতাগুলোর মধ্যে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পরিচয়’, কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’, নাজিম হিকমতের ‘জেলখানার চিঠি’, হুমায়ূন আজাদের ‘শুভেচ্ছা’, সৈয়দ শামসুল হকের ‘পরিচয়’ ও ‘নূরলদীনের সারা জীবন’, ইত্যাদি।