চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটিতে হত্যা মামলার তিন আসামি জায়গা পেয়েছেন। নেতৃত্ব মনোনয়নের ক্ষেত্রে মেধা ও সাংগঠনিক দক্ষতাকে বিবেচনায় আনা হয়নি বলেও অভিযোগ উঠেছে। গত সোমবার রাতে ঢাকা থেকে ১০১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৯ সালের ২৪ মার্চ সিটি কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) আমিনুল ইসলামকে নগরের টাইগারপাস এলাকায় গুলি করা হয়। গুরুতর আহত আমিনুল ২৭ মার্চ চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নতুন আহ্বায়ক কমিটির সদস্য আলী হোসেন ও শহীদুল ইসলাম এই হত্যা মামলার আসামি। মামলাটি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন আছে।এ ব্যাপারে আলী হোসেনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। টাইগারপাসের বাসিন্দা শহীদুল ইসলামের বিরুদ্ধে আরও একটি মামলার খোঁজ পাওয়া গেছে। গত বছরের ১ ডিসেম্বর নগরের টাইগারপাস এলাকায় আলী হোসেনের হাতের কবজি কেটে দেওয়া হয়। কুপিয়ে আহত করা হয় হুমায়ুন কবির ওরফে মুরাদকে। এ ঘটনায় খুলশী থানায় করা মামলার আসামি শহীদুল। তাঁর বিরুদ্ধে রেলওয়ে পূর্বাঞ্চলের দরপত্র নিয়ন্ত্রণে রাখার অভিযোগও রয়েছে। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে শহীদুল ইসলাম একটি সভায় ব্যস্ত রয়েছেন বলে জানান। পরে আবার যোগাযোগ করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।দলীয় সূত্র জানায়, ২০১০ সালের ৬ এপ্রিল সন্ধ্যায় নগরের টাইগারপাস এলাকায় সঞ্জীব দাশ নামে এক প্রকৌশলী খুন হন। ওই মামলারও আসামি আলী হোসেন, মুরাদসহ পাঁচজন। মুরাদকেও আহ্বায়ক কমিটির সদস্য করা হয়েছে। তাঁর আসল নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবির এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘প্রকৌশলী সঞ্জীব হত্যা মামলায় আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। এ ছাড়া আমার বিরুদ্ধে আর কোনো মামলা নেই।’ তিনি আরও বলেন, ‘সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব।’এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি স্থানীয় নেতাদের সঙ্গে পরামর্শ করে কমিটি ঘোষণা করেছি। এ ক্ষেত্রে আমরা দলের ঐক্যের ওপর জোর দিয়েছি। তবু তাঁদের মধ্যে কেউ হত্যা মামলার আসামি থাকলে বহিষ্কার করা হবে। আর বিতর্কিত ব্যক্তিদেরও কমিটি থেকে বাদ দেওয়া হবে।’নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, চট্টগ্রাম নগর যুবলীগের সম্মেলন অচিরেই হবে। তখন দলের জন্য নিবেদিত নেতাদের কমিটিতে জায়গা করে দেওয়া হবে। হত্যা মামলার আসামি থাকলে বাদ পড়বে।যুবলীগের দুজন নেতা নাম প্রকাশ না করে প্রথম আলোকে জানান, নগরে ৪৪টি সাংগঠনিক থানা রয়েছে। প্রতিটি ওয়ার্ড থেকে কমপক্ষে দুজন করে প্রতিনিধি থাকলে তৃণমূলে সংগঠনের অবস্থান শক্ত হতো। কিন্তু এসব বিবেচনায় না এনে হত্যা মামলার আসামি ও ব্যবসায়ীদের দলে জায়গা দেওয়া হয়েছে। ফলে কমিটিতে কিছু কিছু ওয়ার্ডের কোনো প্রতিনিধিত্ব নেই। এতে সংগঠনের অবস্থা আরও দুর্বল হয়ে পড়বে।আরেক নেতা নাম প্রকাশ না করে বলেন, কমিটিতে ব্যবসায়ীদের আধিপত্য দেখে মনে হচ্ছে টাকা দিয়ে সদস্যপদ কেনা হয়েছে। সংগঠনের জন্য নিবেদিত কর্মীরা জায়গা পাননি।সংগঠনের কয়েকটি সূত্র জানায়, মঙ্গলবারের ঘোষিত কমিটিতে চট্টগ্রামের লালখান বাজার এলাকার অন্তত ১০ জন জায়গা পেয়েছেন। এ ছাড়া ফিরিঙ্গিবাজার এলাকার সাতজন বাসিন্দা এবং পাহাড়তলী ও আমবাগান এলাকার পাঁচজন স্থান পান। জায়গা পাননি অনেকগুলো সাংগঠনিক ওয়ার্ডের নেতারা।