১৩ জুলাই বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আইন ও বিচার বিভাগের উদ্যোগে আয়োজিত ‘বর্তমান মানবাধিকার পরিস্থিতি ও জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, মানবাধিকার যদি আন্তর্জাতিকভাবে স্বাধীনতা পেতে চায়, তাহলে মানবাধিকারকে রাষ্ট্র তথা সরকারের হস্তক্ষেপ থেকে সর্বাগ্রে মুক্ত হতে হবে। পাশাপাশি রাষ্ট্রকে পক্ষপাতমূলক আচরণ পরিহার করাসহ দেশের সব জনগণ যেন সমান অধিকার পায়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, তেলে মাথায় তেল দেওয়ার নীতি থেকে রাষ্ট্রযন্ত্র যদি বেরিয়ে আসতে না পারে, তবে তা হবে সবার জন্যই ক্ষতিকর বিষয়।সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন এবং আইন ও বিচার বিভাগের সভাপতি এম আনিসুর রহমান। সেমিনারে বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে মূল প্রবন্ধের সারসংক্ষেপ উপস্থাপন করেন একই বিভাগের প্রভাষক তাপস কুমার দাস। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের অধ্যাপক এম হাবিবুর রহমান এবং ওই একই বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ বি সিদ্দিক।