আড়তের অভাবে সবজি ব্যবসায়ীদের কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের রবিউল ইসলাম ভোরে ফজরের নামাজ শেষে বেগুন কেনার জন্য ২৫ কিলোমিটার দূরের একই জেলার ফুলবাড়ী উপজেলার গোড়ক মণ্ডপ গ্রামে এসেছেন ২৭ নভেম্বর। দুপুর দুইটায় বালারহাট থেকে ফুলবাড়ীর পথে তাঁর গ্রামে ফেরার সময় এ প্রতিনিধির সঙ্গে কথা হয়। রবিউল ইসলাম (৩৮) জানান, প্রতিদিন দলবেঁধে তাঁরা আসেন বেগুন, লাউ, মরিচ, মুলা কেনার জন্য, নয়তো কপিসহ অন্যান্য সবজি কেনার জন্য। একসঙ্গে চার-পাঁচজন আসেন বিভিন্ন দলে। ঘুরে বেড়ান ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি, বালাতাড়ী, কাইঞ্চারকুটি, গোড়ক মণ্ডপ, চওড়াবাড়ী, জাইগিরটারী ও এর শিমুলবাড়ীর তালুক শিমুলবাড়ী, টেপরির বাজারসহ আশপাশের গ্রামগুলোতে। প্রতিটি সবজি খেতে যেতে হয় তাই সময়ও লাগে অনেক বেশি। হয়রানিও হতে হয় অনেক। সবজিচাষি আর সবজি ব্যবসায়ীর মধ্যে যদি দরদামে বনিবনা হয়, তবেই জোটে কাঁচামাল। এই সবজিগুলো নিয়ে যেতে হয় বাইসাইকেলে।আবেদ আলী দীর্ঘশ্বাস ফেলে বলেন, ‘মাজে মাজে ভুলি যাই ছোওয়া-পোয়ার মুখ। ভোরের আন্দারোত ছোওয়াগুলাক নিদদত থুয়া আসি। দুপরা যায়া দেকি খেলবার গেইচে, নাইলে স্কুলত। আইতত আসি দেকি ফির নিদ গেইচে। এইগল্যা হইল হামার গুলার কপাল ভাই রে!’রবিউল বলেন, ‘সোগ গিরস্তের খেতে খেতে যাওয়া নাগে জন্নে ভোরত বাড়ি থাকি বাইর হওয়া নাগে। ইয়ার চাইতে যদি গ্রামগুলার মিডিল (মধ্যখানে) বালারহাটত একটা সবজির আড়ত বা হাট থাকিল হয়, তাও হইল হয়। তাইলে আর এমন করি হয়রানও হওয়া নাগিল না হয়, ছোওয়াগুলার সাতে কতাও হইল হয়।’কাইঞ্চারকুটি গ্রামের সবজিচাষি মো. মুকুল মিয়া ৩০ নভেম্বর তারিখ এ প্রতিনিধিকে জানান, ‘প্রতিদিন প্রায় শতাধিক সবজি ব্যবসায়ী চার-পাঁচ মণ করে সবজি নিয়ে যান গ্রামগুলো থেকে। চলে চার মাসেরও বেশি সময় ধরে। প্রতি মণ ফুলকপি বিক্রি হচ্ছে ৪৮০/৫০০ টাকা, বাঁধাকপি ৪৫০/৪৭০ টাকা, বেগুন প্রতি মণ ৩৬০ থেকে ৩৮০ টাকা, লাউ প্রতিটা ১৫/১৭ টাকা, মুলার মণ বিক্রি হচ্ছে ১৫০/১৬০ টাকা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০০/৮৫০ টাকা।মুকুল বলেন, ‘বালারহাট বাজারে সবজির আড়ত হইলে ভালে হইল হয়। যারা সবজি কিনবার আইসে তারা খুব সহজে কিনবার পাইল হয়। কেনাইয়া মানুষের সংখ্যাও বাড়িল হয়, আমরগুলারও লাভ হইল হয়!’ সংশ্লিষ্ট নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবদুল গফুর মিয়ার সঙ্গে এ বিষয়ে কথা হলে তিনি জানান, ‘একবার তো আড়ত বালারহাট বাজারে হবে জন্য মাপজোক এমনকি কমিটিও গঠিত হয়েছে। কিন্তু আর এগোয়নি। তত্ত্বাবধায়ক সরকারের সময়ের পর আর কোনো কিছু হয়নি।’ উপজেলা কৃষি কর্মকর্তা টি আই এম জাহেদুর রহমান গত ৩০ নভেম্বর এ প্রতিনিধিকে জানান, উপজেলায় প্রায় ৪৫০ হেক্টর জমিতে সবজি চাষ হয়। এর মধ্যে প্রায় ২৫০ হেক্টর জমি নাওডাঙ্গা ইউনিয়নে। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় বালারহাট বাজারে সবজি আড়ত হওয়ার কাজ অনেক দূর পর্যন্ত হয়েছিল কিন্তু এখন ওসব আর হচ্ছে না।’