চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্যব্যবস্থাপনা প্ল্যান্টের উন্নয়নে প্রায় ২৩ কোটি টাকার প্রকল্পে গরমিলের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে প্ল্যান্টের নামে কেনা প্রায় আড়াই কোটি টাকার যন্ত্রপাতির কোনো হদিসই মেলেনি। এ ছাড়া প্রকল্পের টাকায় কয়েকটি নিম্নমানের যন্ত্রপাতি বসানো হয়েছে, যেগুলো কোনো কাজেই আসছে না। এসবের সঙ্গে করপোরেশনের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নগরের হালিশহর আনন্দবাজার এলাকায় ২০০৭ সালে বর্জ্যব্যবস্থাপনা প্ল্যান্টটি স্থাপন করা হয়। নগরের ৪১টি ওয়ার্ড এলাকার সব আবর্জনা এনে ফেলা হয় এখানে। সেখান থেকে বাছাই করা বর্জ্য দিয়ে জৈব সার উ ৎ পাদন করা হয়। করপোরেশন সূত্রে জানা যায়, এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় ২০১০-১১ অর্থবছরে করপোরেশন বর্জ্যব্যবস্থাপনা প্ল্যান্টের উন্নয়নে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়। ২২ কোটি ৯৪ লাখ টাকার এ প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে গত বছর। পরে তা এ বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়। প্রকল্পে প্ল্যান্টের জন্য ১৬ কোটি ৪৫ লাখ টাকা ভূমি অধিগ্রহণ বাবদ রাখা হয়। কিন্তু জায়গা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে বনিবনা না হওয়ায় কোনো ভূমি অধিগ্রহণ হয়নি। এ ছাড়া বাকি টাকা যন্ত্রপাতি কেনার জন্য নির্ধারিত ছিল। কিন্তু সেই টাকাও ভাগ-বাঁটোয়ারা হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। প্রকল্পের আওতায় বর্জ্যব্যবস্থাপনার সুবিধার্থে নগরের রিয়াজউদ্দিন বাজার, ইপিজেড, স্টিল মিল বাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আবর্জনা বাছাইকেন্দ্র (গার্বেজ স্টেশন) বসানোর কথা থাকলেও এর একটিও বসেনি। কিন্তু কাজ শেষ দেখিয়ে বিল ভাগাভাগি হয়ে গেছে।প্রকল্পের কার্যাদেশে বর্জ্যব্যবস্থাপনা প্ল্যান্টের জন্য প্রায় আড়াই কোটি টাকার যন্ত্রপাতি-যানবাহন ও বৈদ্যুতিক সরঞ্জাম কেনার হিসাব দেওয়া হয়। ইতিমধ্যে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে কাগজপত্রে সেগুলো কেনা হয়েছে দেখানো হলেও একটি কম্পিউটার, কয়েকটি অকেজো যন্ত্রপাতি ছাড়া এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, প্ল্যান্ট এলাকায় যন্ত্রপাতি বুঝে নেন ইউসুফ খান নামের ব্যবস্থাপক পদের একজন কর্মকর্তা। ছোটখাটো মেরামত থেকে শুরু করে প্রয়োজনীয় আর্থিক লেনদেন চলে তাঁর তত্ত্বাবধানেই। অথচ সার্বিক প্রকল্প কাজ তদারকির জন্য এখানে রয়েছেন একজন প্রকল্প প্রকৌশলী (প্রজেক্ট ইঞ্জিনিয়ার)। ইউসুফ পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন প্ল্যান্টের কার্যালয়ের ভেতরে। এ বিষয়ে জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।সরেজমিনে হালিশহর বর্জ্যব্যবস্থাপনা প্ল্যান্ট এলাকায় গিয়ে দেখা যায়, ঢোকার মুখেই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে একটি প্রসেসিং মেশিন। এখানকার কর্মচারীদের সঙ্গে আলাপে জানা যায়, বাছাই করা আবর্জনা স্বয়ংক্রিয়ভাবে এ মেশিনের সাহায্যে সার হয়ে বের হয়ে আসার কথা। কিন্তু মেশিনটি দিয়ে এ ধরনের কোনো কাজই হয় না। এতে যা দেওয়া হয় অবিকল তা-ই বেরিয়ে আসে। অকেজো পড়ে আছে বর্জ্য কাটার মেশিন। একটি বর্জ্য সংরক্ষণাগারও প্রয়োজনীয় সংস্কারের অভাবে অকেজো পড়ে আছে। প্ল্যান্টের ভেতরে বসানো রয়েছে বৈদ্যুতিক সাবস্টেশনের যন্ত্রপাতি। নাম প্রকাশে অনিচ্ছুক এখানকার একজন কর্মচারী জানান, ‘এখানে যা দেখছেন এর বাইরে নতুন করে কোনো কিছু দেওয়া হয়নি আমাদের। আমরা পুরোনো যন্ত্রপাতি জোড়াতালি দিয়েই এখনো কাজ চালাচ্ছি।’ অনুসন্ধানে জানা গেছে, করপোরেশনের সহকারী প্রকৌশলী সুদীপ বসাকের মাধ্যমে প্রকল্পকাজ পরিচালিত হয়েছে। প্রকল্পের নামে কেনা বিভিন্ন প্রযুক্তি ও বৈদ্যুতিক পণ্য করপোরেশনের বিভিন্ন পদস্থ কর্মকর্তাসহ তাঁর বাসায় ব্যবহূত হচ্ছে বলেও অভিযোগ পাওয়া যায়। প্রথমে প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয় করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শামসুজ্জামান সিদ্দিকীকে। কিন্তু বর্তমান প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মালেক। এ ব্যাপারে জানতে চাইলে শামসুজ্জামান সিদ্দিকী বলেন, ‘প্রজেক্ট প্রোফাইলে পিডি হিসেবে আমার নামই রয়েছে। সে হিসেবে আমার নিয়োগপত্রও রয়েছে। আমিই বৈধ পিডি। কিন্তু পরবর্তীকালে আমাকে আড়ালে রেখে আবুল হাসনাত ও আবদুল মালেকের মধ্যে দায়িত্ব ভাগাভাগি করে দেন সুদীপ বসাক। প্রকল্প নিয়ে চলে নানা দুর্নীতি-অনিয়ম। কাগজে-কলমে আমি পিডি হলেও আমি এখন কেউ-ই না। তাই আমার করারও কিছু নেই।’বর্তমান প্রকল্প পরিচালক আবদুল মালেক বলেন, ‘আমিই প্রকল্পের বৈধ পিডি। আগে আমি ডিপিডি ছিলাম। প্রকল্পের কাজে কোনো অনিয়ম হয়নি। এখানে সব নতুন যন্ত্রপাতি লাগানো হয়েছে।’সহকারী প্রকৌশলী সুদীপ বসাক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রকল্পের টাকা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো যন্ত্রপাতিই আমার বাসায় নিয়ে যাইনি। এগুলোর কিছু কিছু করপোরেশনের কার্যালয়ে রয়েছে।’ শামসুজ্জামান সিদ্দিকীর অভিযোগের জবাবে তিনি বলেন, এখানে কাউকে দোষারোপের সুযোগ নেই। মন্ত্রিসভায় অনুমোদিত প্রকল্পের কাগজপত্রে তাঁর নাম নেই।এ ব্যাপারে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মেয়র মহোদয় করপোরেশনের একজন প্যানেল মেয়রসহ দুজন কাউন্সিলরকে এ বিষয়ে খোঁজখবর নিতে বলেছেন। আমরা তাঁদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’