আড়াই কোটি ডলারে লবিস্ট নিয়োগ কাসেম আলীর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের বিপক্ষে প্রচারণা চালাতে আড়াই কোটি ডলার চুক্তিতে মার্কিন লবিস্ট নিয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতের ইসলামীর সদস্য মীর কাসেম আলী। মার্কিন ল ফার্ম ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসের সঙ্গে এ চুক্তি করেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক মীর কাসেম আলী। বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। আজ বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের খবরে এসব তথ্য জানানো হয়েছে। এ ব্যাপারে আইনমন্ত্রী শফিক আহমেদ বেসরকারি ওই টেলিভিশনকে বলেন, বিচার বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আনা হয়েছে। লবিস্ট নিয়োগসংক্রান্ত ওইসব নথিপত্র (ডকুমেন্ট) আমাদের কাছে আছে। মানবতাবিরোধী অপরাধের বিচারকে বিতর্কিত করতে বিদেশে চক্রান্ত চলছে। এই লবিস্টদের মাধ্যমে মার্কিন কংগ্রেসম্যান ও সিনেট সদস্যদের দিয়ে এবং যাঁরা দক্ষিণ এশিয়া বিষয়ে মার্কিন নীতি নির্ধারণ করে থাকেন, তাঁদের প্রভাবিত করার চেষ্টা চলছে। শফিক আহমেদ আরও বলেন, ‘এটাতে মানি লন্ডারিং হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বলা হয়েছে। আমরা দুদকের কাছে প্রয়োজনীয় নথিপত্রগুলো সরবরাহ করেছি।’ তবে মীর কাসেম আলীর আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন বলেও চ্যানেল আইয়ের সংবাদে বলা হয়েছে।