চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার দুপুরে আড়াই ঘণ্টা বাংলাদেশ-কানাডার ক্রিকেটারসহ ১৬১ জন যাত্রী আটকা পড়েছিল। পরে বেলা আড়াইটার দিকে তারা ঢাকার উদ্দেশে রওনা হয়। ওই যাত্রীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যান্ত্রিক ত্রুটির কারণে তাদের এ ভোগান্তি পোহাতে হয়।জানা যায়, বেলা ১১টা ৫৫ মিনিটে বিজি ০২২ নামের এই উড়োজাহাজটি যাত্রীদের নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে রানওয়ের শেষ প্রান্তে গিয়ে ওড়ার আগ মুহূর্তে ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এর পরপরই উড়োজাহাজটি পার্ক করে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এটি মাসকট থেকে সকাল নয়টা ৫৫ মিনিটে চট্টগ্রামে এসে পৌঁছায়। পরে প্রয়োজনীয় মেরামত শেষে বেলা আড়াইটার দিকে উড়োজাহাজটিতে যাত্রীদের তুলে দেওয়া হয়। কিন্তু এ সময় কানাডা ক্রিকেট দলের পাঁচজন খেলোয়াড় ভয়ে ওই উড়োজাহাজটিতে উঠতে রাজি না হওয়ায় তাঁদের বেসরকারি সংস্থার একটি উড়োজাহাজে করে ঢাকায় পাঠানো হয়।চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার আনিসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।