আড়াই ঘণ্টা পর ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে চট্টগ্রাম এবং ঢাকা থেকে সিলেটের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। নরসিংদীর খানাবাড়ী স্টেশনে যাত্রাবিরতির দাবিতে স্থানীয় লোকজন আখাউড়া-ঢাকার মধ্যে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনটি আজ শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে অবরোধ করে। পরে রেল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সকাল সোয়া ১০টার দিকে অবরোধ তুলে নিলে আবার ট্রেন চলাচল শুরু হয়। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলস্টেশন থেকে দুই ঘণ্টা দেরিতে ছাড়ে। এদিকে নরসিংদীর আশপাশের রেলস্টেশনগুলোতে ঢাকা-চট্টগ্রামের মধ্যে চলাচলকারী আন্তনগর মহানগর ও ঢাকা-নোয়াখালীর মধ্যে চলাচলকারী আন্তনগর উপকূল ট্রেনও দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। আখাউড়া রেল জংশনের স্টেশন তত্ত্বাবধায়ক মনোরঞ্জন মল্লিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।