ভুয়া মুক্তিযোদ্ধা বাদ দেওয়া ও প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করার কাজ আড়াই বছরে শুরুই করতে পারেনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এই সময়ে একটি আবেদন ফরমই চূড়ান্ত করা সম্ভব হয়নি। এ নিয়ে মুক্তিযোদ্ধা সংসদ ও মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির পরস্পরবিরোধী অবস্থানে মন্ত্রণালয় সিদ্ধান্তহীন।অনুসন্ধানে দেখা গেছে, গত আড়াই বছরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এই একটি কাজই বিশেষ গুরুত্ব দিয়ে করছে। সঙ্গে আছে সংসদীয় কমিটি, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। নতুনভাবে আরও যুক্ত হয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য ডেটাবেইস ও ডিজিটাল সনদ দেওয়ার বিশেষ কর্মসূচি।এর আগে বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেও মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন নিয়ে সরগরম ছিল মন্ত্রণালয়। তখন হাসান হাফিজুর রহমান সম্পাদিত স্বাধীনতাযুদ্ধের দলিলপত্র বিকৃত করায় বিতর্ক সৃষ্টি হয়। পরে হাইকোর্ট এই দলিলপত্রের ১৫ খণ্ড বাজেয়াপ্ত করার নির্দেশ দেন। এতে সরকারের কয়েক কোটি টাকা অপচয় হয়।এবারও এই মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছে। মন্ত্রণালয়ের কাজকর্ম পর্যালোচনায় দেখা গেছে, যে ফরমের ভিত্তিতে অভিযুক্ত ৬২ হাজার মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই হবে, সেটি গত আড়াই বছরেও চূড়ান্ত হয়নি। একই সঙ্গে মুক্তিযোদ্ধা হিসেবে নতুন তালিকাভুক্ত হওয়ার জন্য এক লাখ ৩০ হাজার আবেদনকারীর ফরমও এ সময়ের মধ্যে চূড়ান্ত করা যায়নি।ফরমে কী কী তথ্য থাকবে, সে বিষয়ে সংসদীয় কমিটি এবং মুক্তিযোদ্ধা সংসদ পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ তৈরি করেছে এক ধরনের ফরম, সংসদীয় কমিটি তৈরি করেছে আরেক ধরনের। মাঝখানে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে পারছে না।গত ১৩ নভেম্বর সংসদীয় কমিটির ৩৬তম বৈঠকে মুক্তিযোদ্ধা সংসদের তৈরি করা আবেদন ফরম বাতিল ঘোষণা করা হয়। কমিটির সদস্য শামসুর রহমান শরীফ বলেন, বিস্ময়ের সঙ্গে লক্ষ করা যাচ্ছে, স্থায়ী কমিটি মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করছে। কিন্তু আজও জেলা-উপজেলা পর্যায়ে যাচাই-বাছাই শুরু হয়নি। তাঁর মতে, এই যাচাই-বাছাই বন্ধ করে দেওয়া হোক, না হয় মন্ত্রণালয় থেকে সরাসরি ফরম দেওয়া হোক।সংসদীয় কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মুক্তিযোদ্ধা সংসদ সরকারের কেউ নয়। সংসদীয় কমিটির তৈরি করা ফরমই হবে চূড়ান্ত। সংসদীয় কমিটিকে পাশ কাটিয়ে কেউ কিছু করতে চাইলেও তা পারবে না। মুক্তিযোদ্ধা সংসদ ১৬ পৃষ্ঠার যে ফরম তৈরি করেছে, তা কারও পক্ষে পূরণ করা সম্ভব নয় বলে তিনি মনে করেন। স্থায়ী কমিটির বাইরে কোনো ফরম ছাপানো যাবে না বলে মন্তব্য করেন তিনি।এ প্রসঙ্গে জানতে চাইলে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান প্রথম আলোকে বলেন, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে, একটি অস্বাভাবিক অবস্থা তৈরি হয়েছে। কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দেওয়া এবং নতুন মুক্তিযোদ্ধাদের পর্যাপ্ত ও বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে তালিকাভুক্ত করতে না পারলে নতুন করে ঝামেলা তৈরির ঝুঁকি থেকে যায়। তিনি বলেন, বিশ্বাসযোগ্য ঘটনা, পর্যাপ্ত তথ্য বা সাক্ষ্যপ্রমাণ ছাড়া কাউকে তালিকা থেকে বাদ দেওয়া বা অন্তর্ভুক্ত করা যাবে না। আবেদন ফরমে এ-সংক্রান্ত তথ্য চাওয়ার ফলে পৃষ্ঠাসংখ্যা বেড়েছে।হেলাল মোর্শেদ বলেন, ফরমে যদি না থাকে যে সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় যুদ্ধ করেছে, কার সঙ্গে যুদ্ধ করেছে, সাক্ষী কে ছিল এবং জেলা-উপজেলা কমিটির প্রত্যেক সদস্যের সইও যদি না থাকে, তাহলে ৪০ বছর পর এই আবেদন গ্রহণ করা উচিত হবে না।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম ২০০৯ সালের এপ্রিলে জাতীয় সংসদে জানান, ৭২ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় ঢুকে পড়েছে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভুয়া মুক্তিযোদ্ধাদের এই সংখ্যা উল্লেখ করে তাদের বাদ দেওয়ার কথা বলেন। এরপর মুক্তিযোদ্ধা সংসদকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। ২০০৯ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শে মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের সম্পর্কে তথ্য জানানোর অনুরোধ জানায়। এ আহ্বানে সাড়া দিয়ে সারা দেশ থেকে প্রায় ৮০ হাজার অভিযোগ এসে জমা হয় মুক্তিযোদ্ধা সংসদে। এগুলো প্রাথমিক বাছাই করে ২০০৯ সালের জুলাই পর্যন্ত ৫২ হাজার অভিযোগ মাঠপর্যায়ে পাঠানো হয়। ২০১১ সালের এপ্রিল পর্যন্ত আরও প্রায় ১৫ হাজার অভিযোগের মধ্যে ১০ হাজার অভিযোগ মাঠপর্যায়ে পাঠানো হয়। দুই দফায় এই ৬২ হাজার অভিযোগ মাঠপর্যায়ে যাওয়ার পর নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। নাটোরে মামলা হয়েছে, আরও মামলার আশঙ্কা করা হচ্ছে।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, সংসদীয় কমিটি মনে করছে, মুক্তিযোদ্ধা সংসদের তৈরি করা ফরম গ্র্যাজুয়েট ব্যক্তি ছাড়া পূরণ করতে পারবে না। তাই সংসদীয় কমিটি সাধারণ মুক্তিযোদ্ধাদের কথা মাথায় রেখে একটি ফরম তৈরি করেছে। তিনি বলেন, এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। খুব শিগগির যাচাই-বাছাই এবং মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করার কাজ শুরু হবে।পাঁচ তালিকায় পাঁচ রকম সংখ্যা: মুক্তিযুদ্ধের পর ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা করা হয়নি। ১৯৮৬ সালে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের সময় জাতীয় তালিকা অনুযায়ী দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল এক লাখ দুই হাজার ৪৫৮। ওই তালিকা গেজেট হিসেবে প্রকাশিত হয়নি।১৯৮৮ সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের করা তালিকায় (ইস্ট বেঙ্গল রেজিমেন্ট/ ভারতীয় তালিকা) এ সংখ্যা ছিল ৭০ হাজার ৮৯২। এর মধ্যে বেসামরিক মুক্তিযোদ্ধাদের সংখ্যা ৫১ হাজার ৫২৬ এবং বিশেষ তালিকায় (সেনা, নৌ, বিমান, ইপিআর, আনসার, মুজিবনগর কর্মচারী, সেবা দল, বেতার দল প্রভৃতি) ১৯ হাজার ৩৬৪ জন। এই তালিকা নিয়ে কোনো বিতর্ক নেই।১৯৯৪ সালে বিএনপির আমলে মুক্তিযোদ্ধা সংসদের ভোটারসূচক তালিকায় ৮৬ হাজার জন মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হন।আওয়ামী লীগ সরকারের সময়ে ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ এক লাখ ৮৬ হাজার ৭৯০ জনের নাম খসড়া হিসেবে প্রকাশ করে। মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল থেকে প্রকাশিত মুক্তিবার্তায় সবুজ রঙের মলাটে প্রথম সংশ্লিষ্টদের নাম প্রকাশিত হয়। এরপর যাচাই-বাছাই করে লাল রঙের মলাটের বইয়ে এক লাখ ৫৪ হাজার ৪৫২ জনের নাম প্রকাশ করা হয়। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৭ হাজার সনদে সই করেন।জোট আমলে (২০০১-২০০৬) গেজেটে প্রকাশিত মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৯৮ হাজার ৮৮৯। তবে জোট সরকারের গঠিত জাতীয় কমিটি অনুমোদিত মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ ১০ হাজার ৫৮১। সময়ের স্বল্পতার কারণে বাকি নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হয়নি।আগের চারটি তালিকার (জাতীয় তালিকা, ভোটারসূচক তালিকা, কল্যাণ ট্রাস্টের তালিকা ও মুক্তিবার্তা) মধ্যে অন্তত দুটি তালিকায় যাঁদের নাম আছে, জোট আমলে তাঁদের সরাসরি চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। আর যাঁদের শুধু একটি তালিকায় নাম ছিল, তাঁদের কাগজপত্র কিছুটা যাচাই-বাছাই করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এরপর কোনো তালিকায় যাঁদের নাম ছিল না, এ রকম হাজার হাজার লোক তালিকাভুক্ত হন। আর এ নিয়েই প্রশ্ন তোলেন প্রকৃত মুক্তিযোদ্ধারা।সংখ্যার মারপ্যাঁচে সত্য খোঁজার চেষ্টা: জোট আমলে তালিকাভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল এক লাখ ৯৮ হাজার ৫২৬। এর আগে আওয়ামী লীগের আমলে মুক্তিবার্তায় প্রকাশিত হয় এক লাখ ৫৪ হাজার ৪৫২ জনের নাম। অর্থাৎ, জোট সরকারের সময় ৪৪ হাজার ৭৪ জন মুক্তিযোদ্ধার নাম গেজেটে অন্তর্ভুক্ত হয়েছে।আবার আওয়ামী লীগ সরকারের মেয়াদে মুক্তিবার্তার তালিকা ও জোট সরকারের গেজেট দুটি যোগ করলে মুক্তিযোদ্ধার মোট সংখ্যা হয় তিন লাখ ৫২ হাজার ৯৭৬। তবে গেজেট ও মুক্তিবার্তায় একই নাম রয়েছে এক লাখ নয় হাজার ৬৫৪ জন মুক্তিযোদ্ধার। মুক্তিবার্তায় আছে, গেজেটে নেই এমন সংখ্যা প্রায় ৪৪ হাজার; আবার গেজেটে আছে, মুক্তিবার্তায় নেই এমন সংখ্যা ৪৩ হাজার ৭৭৭।এই সংখ্যা বিশ্লেষণ করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের হিসাব হচ্ছে, সরকারের গেজেটে ৪৩ থেকে ৪৫ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার নাম ঢুকে পড়েছে। এর মধ্যে মুক্তিবার্তার তালিকায় কিছু ভুয়া নাম যেমন আছে, তেমনি জোট সরকারের সময়ে তৈরি গেজেটেও প্রচুর ভুয়া নাম ঢুকে পড়েছে। তবে জাতীয় সংসদে প্রশ্নোত্তরে ৭২ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভুক্ত হওয়ার যে তথ্য দেওয়া হয়েছে, তা পুরোপুরি সঠিক নয় বলে ধারণা করা হচ্ছে।এ পর্যন্ত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তালিকার ৭০ হাজার ৮৯২ জন নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। তাই বর্তমান গেজেটে থাকা দুই লাখ দুই হাজার ৬০০ জনের তালিকা থেকে এই সংখ্যাটি বাদ দিলে থাকে এক লাখ ৩১ হাজার ৭০৮ জন। মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান বলেন, তাঁদের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে হবে এবং সেই সংখ্যাটি ৪৩ থেকে ৪৫ হাজার বলে ধারণা করা যায়।