আড়াই বছরের মধ্যে ২১০০ কোটি টাকার উন্নয়নকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবেশী দেশ ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার আগে বন্দরের দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্দরের অবকাঠামোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়াতে প্রায় দুই হাজার ১০০ কোটি টাকার ১৮টি প্রকল্প পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। আগামী ২০১৩ সালের জুনের মধ্যে এসব প্রকল্প শেষ করা হবে। বন্দরের ট্রানজিট নিয়ে অনুষ্ঠেয় আগামী সভার আলোচ্যসূচিতে এসব প্রকল্প থাকছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যাতে দীর্ঘসূত্রতা না হয়, সে জন্য বিশেষ তদারক করছে কর্তৃপক্ষ।বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিবেশী দেশের পণ্য ওঠানো-নামানোর প্রস্তুতি নিতে গত ৩১ মার্চ একটি বৈঠক হয়। ওই বৈঠকে বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে পর্যালোচনার পাশাপাশি বেশ কয়েকটি নতুন প্রকল্প হাতে নেওয়াসহ ২৯টি সিদ্ধান্ত হয়। বন্দর পরিস্থিতির অবনতি হওয়ায় দীর্ঘদিন আর কোনো বৈঠক হয়নি।ট্রানজিট-বিষয়ক কর্মপরিকল্পনা তৈরির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন বন্দরের সদস্য হাদী হোসাইন। তিনি প্রথম আলোকে বলেন, বন্দরের উন্নয়ন প্রকল্প নিয়ে আগামী সভায় পর্যালোচনা করা হবে। ট্রানজিটের জন্য বন্দর এখনই প্রস্তুত। তবে আরও দক্ষতা বাড়াতে ধাপে ধাপে বন্দরের উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে।বন্দরের দক্ষতা বাড়াতে চারটি ধাপে কাজ করার পরিকল্পনা করেছে বন্দর কর্তৃপক্ষ। এ চারটি ধাপ হচ্ছে মৌলিক অবকাঠামোগত উন্নয়ন, পণ্য ওঠানো-নামানোয় সুযোগ-সুবিধা বাড়ানো, প্রাতিষ্ঠানিক ও বিধিবিধান সংশোধন। এ চার ধাপে কাজ শেষ করার সুনির্দিষ্ট সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, মৌলিক অবকাঠামোর মধ্যে নতুন করে বন্দরের এক্স এবং ওয়াই শেড এলাকায় প্রায় ১৫০ কোটি টাকা ব্যয়ে একটি ইয়ার্ড নির্মাণ করা হবে। ইতিমধ্যে এ কনটেইনার ইয়ার্ডের ‘উন্নয়ন প্রকল্প ছক’ তৈরি হয়েছে। গত ৩১ মার্চের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, শুধু প্রতিবেশী দেশের পণ্য ওঠানো-নামানোর জন্য এ ইয়ার্ড ব্যবহার করা হবে। এ ছাড়া বন্দরের কর্ণফুলী কনটেইনার টার্মিনালের ‘উন্নয়ন প্রকল্প ছক’ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ৮২০ কোটি টাকা ব্যয় হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতা আরও বাড়বে।নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের একজন কর্মকর্তা বলেন, বন্দরে বার্থ ব্যবহার (জেটিতে জাহাজ অবস্থানের সময়) ৬০ শতাংশের বেশি হলে নতুন জেটি নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয়। এখনই বার্থ ব্যবহার হচ্ছে ৯০ শতাংশের বেশি। এ কারণে প্রতিবেশী দেশ বন্দর ব্যবহার শুরুর আগে নতুন জেটি নির্মাণের বিকল্প নেই। জানা গেছে, প্রায় ৩৭৬ কোটি টাকার ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের দরপত্র আগামী ৩০ নভেম্বর জমা নেওয়া হচ্ছে। ২০১২ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া ২০১১ সালের মধ্যে ২৫০ কোটি টাকা ব্যয়ে একটি ভাসমান ক্রেন সংগ্রহ, ৩৮ কোটি টাকা ব্যয়ে ভিটিএমআইএস স্থাপন, ৩২ কোটি টাকা ব্যয়ে দুটি অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন সংগ্রহ দ্রুত শেষ করার কাজ চলছে। সূত্র জানায়, প্রকল্পের বাইরে বন্দরের সীমানা বাড়ানোর কর্মপরিকল্পনা নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে তীর থেকে সাগরের দিকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল বিস্তৃত বন্দরের সীমানা রয়েছে। এ সীমানা বাড়িয়ে ১৫ নটিক্যাল মাইল পর্যন্ত করার পরিকল্পনা করা হচ্ছে। গত ১১ জানুয়ারি দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়। নেপাল ও ভুটানে ট্রানজিটের জন্য বাংলাদেশকে তার ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। এ বৈঠকের পর চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি চলছে।