আড়াই মাসেও চার লেন প্রকল্পের কাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তির পর আড়াই মাস পেরিয়ে গেলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ শুরু হয়নি। ঠিকাদারদের এখনো প্রকল্প এলাকা বুঝিয়ে দেওয়া হয়নি। কাজ তদারকির দায়িত্বপ্রাপ্ত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গেও সরকারের মতবিরোধ দেখা দিয়েছে। ফলে অগ্রাধিকারমূলক এ প্রকল্পের কাজ কবে শুরু হবে, তা স্পষ্ট করে বলতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাধারণত ঠিকাদারদের সঙ্গে চুক্তির পর সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়। এভাবেই ঠিকাদারদের প্রকল্প এলাকা বুঝিয়ে দেওয়ার রীতি। ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের ক্ষেত্রে এটি এখনো হয়নি।দেশের সবচেয়ে ব্যস্ত এ মহাসড়কে যান চলাচল ক্রমেই বাড়ছে। সবচেয়ে দুর্ঘটনাপ্রবণ মহাসড়ক হিসেবে এর প্রশস্ততা বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত ১৯২ দশমিক ৩০ কিলোমিটার পথ চার লেনে উন্নীত করা হচ্ছে।গত বছরের ৭ ডিসেম্বর সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটি তিনটি কোম্পানির নিয়োগ অনুমোদন দেয়। এগুলো হচ্ছে চীনা কোম্পানি সিনোহাইড্রো করপোরেশন, বাংলাদেশের রেজা কনস্ট্রাকশন ও আল আমিন কনস্ট্রাকশন-তাহের ব্রাদার্স (যৌথ)। যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, এ বছরের ১০ জানুয়ারি তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে তাদের কাজ শুরু করার অনুমতি দেয় সওজ। দরপত্র অনুযায়ী এদিন ছিল চুক্তি করার সময়সীমার শেষ দিন। সেদিন থেকেই প্রকল্পের মেয়াদের দিন গণনা শুরু হয়েছে। ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা।সওজ সূত্র জানায়, সিনোহাইড্রো এখনো কাজ শুরু করার জন্য অগ্রিম বিল সংগ্রহ করেনি। তবে বাংলাদেশি দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান অগ্রিম অর্থ নিয়েছে। চীনা প্রতিষ্ঠানটি পারফর্মেন্স গ্যারান্টিও অন্য দুই প্রতিষ্ঠানের পরে দিয়েছিল।এদিকে প্রকল্পের পাকিস্তানি পরামর্শক প্রতিষ্ঠান নেশপাক বেশি টাকা দাবি করে নতুন করে চুক্তির প্রস্তাব দিয়েছে, যা সওজ মানতে চাইছে না। দুর্নীতির অভিযোগে এর আগে দুবার দরপত্র বাতিল হওয়ায় নেশপাকের কর্মকর্তারা দেশে ফিরে গিয়েছিলেন। সওজের একজন কর্মকর্তা বলেন, নতুন পরামর্শক নিয়োগ দিতে হলে অন্তত ছয় মাস লেগে যাবে।এ বিষয়ে জানতে চাইলে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ফিজিক্যালি কাজ শুরু হয়নি, তবে প্রস্তুতি চলছে। পরামর্শক নিয়োগসংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তবে পরামর্শকদের পক্ষ থেকে বাড়তি টাকা দাবি করা হলেও তা দেওয়া হবে না বলে জানান মন্ত্রী।সওজের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিনোহাইড্রো করপোরেশন সর্বনিম্ন দরদাতা হলেও চুক্তি স্বাক্ষরে গড়িমসি করে। পরে প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে সহায়তা করা হবে—এমন শর্তে শেষ দিনে চুক্তি করতে রাজি হয়। সওজ সূত্র জানায়, পরামর্শক নিয়োগে জটিলতার কারণে প্রকল্পের কাজ শুরু হতে দেরি হলে ঠিকাদারেরা ক্ষতিপূরণ চাইতে পারেন।মহাসড়কের কাজের ১০টি অংশের মধ্যে সিনোহাইড্রো সাতটি, রেজা কনস্ট্রাকশন দুটি ও তাহের ব্রাদার্স-আল আমিন কনস্ট্রাকশনের একটি করে করার কথা। সিনোহাইড্রো একাই ১৩৯ কিলোমিটার পথের কাজ করবে।সড়ক প্রশস্ত করার কাজে এক হাজার ৬৫৫ কোটি টাকার চুক্তি হয়েছে ঠিকাদারদের সঙ্গে। আর প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৩৮২ কোটি টাকা। প্রকল্পের অধীনে বেশ কিছু সেতু ও ওভারপাস নির্মাণে শিগগির দরপত্র আহ্বান করা হবে বলে সওজের সূত্র জানায়।যোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ মহাসড়কে প্রতিদিন গড়ে প্রায় ১৯ হাজার যানবাহন চলাচল করে। প্রতিবছর যানবাহন চলাচল ১০ শতাংশ হারে বাড়ছে। চার লেন হলে পুরো মহাসড়কের মাঝখানে মিডিয়ান/ডিভাইডার থাকবে। প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এই সড়কে যানবাহনের মুখোমুখি সংঘর্ষ বেশি হয়। ডিভাইডার দেওয়া হলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে তাঁরা আশা করছেন।বিড়ম্বিত এই প্রকল্পে ঠিকাদার নিয়োগের লক্ষ্যে এর আগে ২০০৫ ও ২০০৮ সালে দুই দফা দরপত্র আহ্বান করা হয়। অনিয়মের অভিযোগে দুবারই দরপত্র-প্রক্রিয়া বাতিল হয়। অভিযোগ ছিল, দরপত্র দলিলে গণখাতে ক্রয় আইন পরিপন্থী ধারা সংযোজন করা হয়েছিল।