নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মেঘনা নদীর তীরবর্তী গ্রাম মানিকপুরে গতকাল মঙ্গলবার বিকেলে ছেলেধরা সন্দেহে আটক এক নারীকে উদ্ধার করতে গিয়ে বিক্ষুব্ধ গ্রামবাসীর রোষানলে পড়ে পুলিশ। এলাকাবাসীর দফায় দফায় হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। তিন ঘণ্টা অবরোধ করে রাখা হয় পুলিশ সদস্যদের। ভাঙচুর করা হয় পুলিশের দুটি পিকআপ ভ্যান। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল দুপুর দুইটায় আড়াইহাজার থানার বিষনন্দী ইউনিয়নের তেলারচর গ্রামে কৃষক হাসুর দুই মেয়ে তানিয়া (৭) ও বেদেনাকে (১২) মিষ্টি খেতে দেন নূরজাহান (৩৫) নামে এক নারী। তা দেখে হাসুর স্ত্রী হাফিজা বেগম ‘ছেলেধরা’ বলে চিৎকার করে ওঠেন। গ্রামের লোকজন ধাওয়া করে নূরজাহানকে। পার্শ্ববর্তী গ্রাম মানিকপুরে হাশমত আলীর বাড়িতে অনুষ্ঠান চলছিল। এ সময় ওই বাড়ির লোকজন নূরজাহানকে আটকে ফেলে। এই খবর পেয়ে শত শত লোক লাঠিসোঁটা নিয়ে হাশমত আলীর বাড়ি ঘিরে রাখে। হাশমত আলী ঘটনাটি আড়াইহাজার থানার পুলিশকে জানান। বেলা তিনটার দিকে আড়াইহাজার থানার এসআই নাঈমের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ নূরজাহানকে উদ্ধার করে আনতে গেলে গ্রামবাসী তাদের ওপর হামলা চালায়। মারধর করে এসআই নাঈম, কনস্টেবল নজরুল ও আক্কাসকে। আটকে রাখে তাঁদের। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউল হাসানের নেতৃত্বে পুলিশ সেখানে যায়। বিক্ষুব্ধ গ্রামবাসী তাঁদের ওপরও হামলা চালায় এবং স্থানীয় নিজামউদ্দিনের মার্কেটে কয়েক পুলিশ সদস্যকে আটকে রাখে। গ্রামবাসীর হামলায় এএসপি জিয়াউল হাসান, এসআই আশরাফ, শাহজাহান, জাহিরুল, কনস্টেবল আক্কাস, আনোয়ার, মনির রক্তাক্ত জখম হন। দাঁতে গুরুতর আঘাত পান আড়াইহাজার থানার এসআই আশরাফ। পুলিশের একটি দল একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আটক নূরজাহানকে থানায় নিয়ে যায়। কিন্তু দফায় দফায় মারমুখী গ্রামবাসীর হামলায় পুলিশ সদস্যরা অনেকটা অসহায় হয়ে পড়েন। এএসপি জিয়াউল হাসান কিছু লোকের সহযোগিতায় মোটরসাইকেলে সেখান থেকে চলে যান। অনেকে পালিয়ে বাঁচেন। তবে তিন ঘণ্টা নিজামউদ্দিনের মার্কেটে অবরুদ্ধ ছিলেন এসআই শাহজাহান, কনস্টেবল আক্কাসসহ পুলিশের কয়েক সদস্য। স্থানীয় সাংবাদিক এবং গ্রামের কয়েকজন লোকের সহায়তায় বিক্ষুব্ধ গ্রামবাসীকে শান্ত করে তালা ভেঙে তাদের উদ্ধার করে।জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন বলেন, নূরজাহানের বাড়ি নরসিংদীর সদর উপজেলার গয়নারগাঁও গ্রামে। তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ছেলেধরা সন্দেহে তাঁকে আটক করার খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করতে যায়। বিক্ষুব্ধ গ্রামবাসী পুলিশের ওপর হামলা চালায়। এক এসআইয়ের দাঁত ভেঙে ফেলে। পুলিশের দুটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।