আড়াইহাজারে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় ১০ শিক্ষার্থী আহত
আড়াইহাজারে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় কমপক্ষে ১০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জু স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আজ আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জু স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে কুচকাওয়াজসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেয় আড়াইহাজার পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ওই উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি এলাকার আবদুর রউফ মোক্তারের ছেলে বখাটে ডালিম ওই স্কুলের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে। ঘটনার প্রতিবাদ করে ওই স্কুলের অন্য ছাত্ররা। পরে ডালিমের নেতৃত্বে আরও ১৫ থেকে ২০ জন বখাটে স্কুলের ছাত্রদের ওপর হামলা চালায় এবং মারধর করে। হামলায় আড়াইহাজার পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মো. জাহিদুল ইসলাম (১৬), মো. সানবীম (১৫), জুয়েল (১৫), কাউসার (১৬), সাইদুল (১৫), আলালসহ (১৫) ১০ জন আহত হয়। আহত ছাত্রদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।