আড়াইহাজারে ট্রলারডুবি: আরও চারটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলারডুবি ঘটনায় আজ রোববার সকালে আরও চারটি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট নয়টি লাশ উদ্ধার করা হলো। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, উপজেলার বিশনন্দী গ্রামে মেঘনা নদীতে জেলেদের জালে আজ ভোর থেকে সকাল আটটার মধ্যে লাশ চারটি আটকা পড়ে। তবে লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ট্রলারটি দুপুরে উদ্ধারের পর উদ্ধার-তত্পরতা বন্ধ করা হয়। এর আগে গত শুক্রবার পার্বতী বর্মণ ও অজ্ঞাতপরিচয় এক শিশুর লাশ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায় কুমিল্লার হোমনা থেকে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারটি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী খেয়াঘাটের উদ্দেশে রওনা দেয়। সন্ধ্যা ছয়টার দিকে বিশনন্দী গ্রামের মেঘনা নদীতে বালুবাহী একটি বাল্কহেড সামনে থেকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।