আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সদাসদী ইউনিয়নের রামচন্দ্রদী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার রামচন্দ্রদী গ্রামের স্থানীয় বিএনপির নেতা গোলাম মোস্তফার সঙ্গে নয় শতাংশ জমি নিয়ে আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলামের সঙ্গে অনেক দিন ধরেই বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিটি তাঁরা দুজনই মালিকানা দাবি করে আসছিলেন।আজ দুপুরে রফিকুল ইসলাম ও তাঁর লোকজন ওই জমিতে সীমানা পিলার লাগাতে গেলে বাধা দেয় মোস্তফার লোকজন। এ সময় তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে একপক্ষ অন্যপক্ষের ওপর ধারাল অস্ত্র, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।