আড়াইহাজারে মেঘনায় পুলিশকে সন্ত্রাসীদের ধাওয়া, এসআই নিখোঁজ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আসামিদের গ্রেপ্তারের পর ফেরার পথে সন্ত্রাসীরা মেঘনা নদীতে পুলিশকে ধাওয়া করে। এতে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসির সিরাজী নিখোঁজ রয়েছেন। এ সময় পুলিশ সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটায় উপজেলার দুর্গম চরাঞ্চল নদী বেষ্টিত কালাপাহাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আজ শুক্রবার বেলা একটা পর্যন্ত নাসির সিরাজী নিখোঁজ রয়েছেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, গতকাল দিবাগত রাত দুইটার দিকে পুলিশ উপজেলার কালাপাহাড়িয়া কদমিরচর এলাকায় বিশেষ অভিযান চালায়। পুলিশের এসআই নাসির সিরাজীসহ ২৫ সদস্যের একটি দল ওই অভিযানে অংশ নেয়। তিনি আরও জানান, অভিযানকালে কালাপাহাড়িয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ কে এম ফাইজুল ইসলাম ডালিমের সমর্থক হত্যা মামলার আসামিসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের নিয়ে ট্রলারযোগে ফেরার পথে মেঘনা নদীতে বাল্কহেড (বালুবাহী ট্রলার) নিয়ে ৪০-৫০ জন সন্ত্রাসী দেশি অস্ত্র টেঁটা, দা, বল্লম ও লাঠিসোঁটা নিয়ে পুলিশকে ধাওয়া করে। সন্ত্রাসীরা আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্য বাল্কহেড দিয়ে পুলিশের ট্রলারকে ধাক্কা দেয় এবং ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় নদীতে পড়ে নিখোঁজ হয় উপজেলার খাগকান্দা ইউনিয়ন নৌফাঁড়ি পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাসির সিরাজী। পুলিশ ১৪টি গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসআইকে উদ্ধারের জন্য ট্রলার নিয়ে নদীতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।