আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা নামক স্থানে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নছিমনের (শ্যালো ইঞ্জিনচালিত যান) তিনজন আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন নরসিংদী সদরের শাতীরপাড়া এলাকার মিল্টন (৩৮), নরসিংদীর পাঁচদোনার তুলশীপুরের কাদির (৪০) ও অজ্ঞাতনামা এক যুবক (৩০)।জানা গেছে, আজ বিকেল চারটার দিকে উপজেলার পাল্লা নামক স্থানে যাত্রীবাহী একটি বাস নরসিংদীগামী একটি নছিমনকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নছিমনের ওই তিন আরোহীর মৃত্যু হয়। নছিমনের আরোহীরা রূপগঞ্জের গাউছিয়া মার্কেট থেকে কাপড় নিয়ে নরসিংদী ফিরছিলেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিচয় শনাক্ত হওয়ার পর মিল্টন ও কাদিরের লাশ ময়নাতদন্ত ছাড়াই তাঁদের স্বজনেরা নিয়ে গেছেন। আর অজ্ঞাতনামা যুবকের লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।