আড়ালে শিবিরের সাংগঠনিক মহড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত সিলেট নগরে চারটি কোচিং সেন্টার শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। রেটিনা, রেডিয়াম, নিউক্লিয়াস ও কর্নিয়া—এ চারটি কোচিং সেন্টার সরাসরি শিবিরের নেতা-কর্মীরা নিয়ন্ত্রণ করে থাকেন বলে অনুসন্ধানে জানা যায়। এ কোচিং সেন্টারগুলোর পরিচালনা খরচ বাদে পুরো টাকাই শিবিরের তহবিলে জমা হয় বলে বেশ কয়েকটি সূত্রে জানা গেছে। শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা অভিযোগ করেন, রেটিনা, রেডিয়াম, নিউক্লিয়াস ও কর্নিয়া—এ চারটি কোচিং সেন্টার পরিচালনার সঙ্গে জামায়াতের অঙ্গ সংগঠন শিবিরের নেতা-কর্মীরা প্রত্যক্ষভাবে জড়িত। ফলে বিভিন্ন সময় শিক্ষা কার্যক্রম পরিচালনার অজুহাতে এসব প্রতিষ্ঠানে শিবির কর্মী-সমর্থকদের গোপন বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি হয়। এ ছাড়া এসব কোচিং সেন্টারের উপার্জিত আয় সরাসরি শিবিরের তহবিলে গিয়ে জমা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কোচিং সেন্টারগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। নিউক্লিয়াস কোচিং সেন্টারের তত্ত্বাবধায়ক মুহিবুর রহমান বলেন, ‘কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা আমাদের কারও নেই। তবে আমরা শিক্ষার্থীদের নৈতিকভাবে অগ্রসর হওয়ার উপদেশ দিই, তাই হয়তো এমনটা কেউ মনে করতে পারেন। আমাদের এখানে যেমন হিন্দু শিক্ষার্থী রয়েছেন, তেমনি হিন্দু শিক্ষকও রয়েছেন। তাই কোনো বিশেষ দলের আদর্শ আমরা ধারণ করি না। মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানে সব সময় শিক্ষার মান ও পরিবেশ বজায় রাখা হয়।’কর্নিয়ার সহকারী পরিচালক সালাউদ্দিন রশিদ বলেন, ‘শিবিরের সঙ্গে আমরা কেউ জড়িত নই। তাই আমাদের কোচিং সেন্টারের টাকা ওই সংগঠনের ফান্ডে যাচ্ছে—এ ধরনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এটি মেধাবী মেডিকেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি উন্নতমানের প্রতিষ্ঠান। এটা খোঁজ নিলেই আপনি জানতে পারবেন।’রেটিনার পরিচালক মো. মেহেদী হাসান শিবির সম্পৃক্ততার কথা স্বীকার করে বলেন, ‘এটি শিবির দ্বারা পরিচালিত প্রতিষ্ঠান—এটি আমি বললেও লিখবেন, না বললেও লিখবেন। তাই আমিই বলছি, আমরা শিবিরের মতাদর্শে বিশ্বাসী। তবে ছাত্রলীগ পরিচালিত যেসব প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর ত্রুটিগুলো খোঁজ নিয়ে লিখেন। তবে মনে রাখবেন, আমাদের এখানে পড়াশোনার মান খুব ভালো।’ তবে অপর প্রতিষ্ঠান রেডিয়ামের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।