আড়িপাতা নিয়ে বার্তাকক্ষে আলোচনা হয়!
বন্ধ হয়ে যাওয়া যুক্তরাজ্যের নিউজ অব দি ওয়ার্ল্ড পত্রিকার সাবেক প্রতিবেদক ক্লিভ গুডম্যান বলেছেন, ফোনে আড়িপাতার বিষয়টি পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভায় খুবই বিশদভাবে আলোচনা হয়েছিল। এদিকে আড়িপাতার অভিযোগের তদন্তে আরও সাক্ষ্যপ্রমাণের জন্য মিডিয়া মুঘল রুপার্ট মারডককে আবারও তলব করা হবে বলে জানা গেছে। আজ মঙ্গলবার দ্য সান পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।এর আগে জুলাই মাসে, রুপার্ট মারডক ও তাঁর ছেলে জেমস মারডক যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়াবিষয়ক কমিটির কাছে এ বিষয়ে তথ্য দিয়েছিলেন। তখন মারডক বলেছিলেন, ফোনে আড়িপাতা নিয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী গর্ডন টেলরের ই-মেইলের বিষয়ে তিনি কোনোভাবেই সচেতন ছিলেন না। এসব তথ্যের ভিত্তিতে ওই কমিটি একটি প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেয়। কিন্তু এ সময় কমিটির কাছে মারডকের দেওয়া বক্তব্যের সঙ্গে প্রাপ্ত তথ্যের অমিল খুঁজে পাওয়ায় তাঁকে আবারও ডাকা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কমিটি।কমিটির সদস্য টম ওয়াটসন বলেছেন, ‘ক্লিভ গুডম্যানের চিঠিটি এই ঘটনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দলিল। যত দ্রুত সম্ভব এটা প্রকাশ করা হবে। নিউজ ইন্টারন্যাশনাল থেকে এরই মধ্যেই ওই তথ্যগুলো হয়তো ধ্বংস করে ফেলা হয়েছে।’কমিটির চেয়ারম্যান জন হুইটিংডেল বলেছেন, আসছে সেপ্টেম্বরেই তথ্য সংগ্রহের জন্য মারডকের পাশাপাশি ওই পত্রিকার সাবেক সম্পাদক কলিন মায়লার ও সাবেক লিগ্যাল ম্যানেজার টম ক্রোনকেও ডাকা হবে।