আড়িয়ল বিলে নির্মাণ-প্রস্তাবে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রস্তাবের প্রতিবাদে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা আজ বুধবার বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করে। বেলা একটা থেকে তিনটা পর্যন্ত অবরোধ চলে। ফলে যান চলাচল বন্ধ হয়ে সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।জানা গেছে, আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগের প্রতিবাদে আড়িয়ল বিল রক্ষা কমিটির উদ্যোগে ঢাকার মুক্তাঙ্গনে আজ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। এ উপলক্ষে মুন্সিগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর, ঢাকার দোহার ও নবাবগঞ্জের কয়েক হাজার বাসিন্দা মুক্তাঙ্গনের উদ্দেশে রওনা দিলে বেলা একটার দিকে পুলিশ বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর ওপর তাদের আটকে দেয়। এ সময় সমাবেশে অংশ নেওয়া লোকজন সেতু অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভকারীরা এ সময় সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। সেতুর উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ে। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছলেও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ ছাড়া ঢাকা-মাওয়া ও ঢাকা-নবাবগঞ্জ রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। আড়িয়ল বিল রক্ষা কমিটির সদস্যসচিব বাবুল খন্দকার জানান, ময়মনসিংহ, নেত্রকোনা, রংপুর, কুড়িগ্রামসহ কয়েকটি জেলার অধিবাসীরা ওই বিলে কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। বিমানবন্দর নির্মাণ করা হলে হাজার হাজার লোক বেকার হয়ে পড়বে। দেশে খাদ্যশস্যের ঘাটতি দেখা দিবে।ঘটনাস্থলে উপস্থিত লালবাগ জোনের এডিসি কামরুজ্জামান সাংবাদিকদের জানান, মুক্তাঙ্গনে সমাবেশ করার অনুমতি না থাকায় তাদের সেতুর ওপর আটকে দেওয়া হয়েছে। বিকেল তিনটার দিকে তারা অবরোধ তুলে নেয়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিক্ষোভকারীরা সেতু অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে চলে যায়।