আড়িয়ল বিলে বিমানবন্দর করার পরিকল্পনা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা বাতিল ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘যেহেতু ওই এলাকার জনগণ চাইছে না, তাই সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করবে না। তা ছাড়া বিরোধীদলীয় নেত্রীও চাইছেন না। তাঁঁর দাবির প্রতি তো সম্মান দেখাতেই হবে। আমরা তাঁর দাবি মেনে নিলাম।’ তবে নতুন বিমানবন্দর নির্মাণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, পদ্মার ওপারে এই বিমানবন্দর হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেত্রীর উদ্দেশে বলেন, ‘দাবি মেনে নিয়েছি। উসকানি দেওয়া বন্ধ করুন। তবে আড়িয়ল বিল এলাকার মানুষকে উন্নয়ন থেকে যে বঞ্চিত করলেন, সে ক্ষতিপূরণ তাদের দিন। ওই এলাকাবাসীকে বঞ্চিত করার জন্য একদিন তাদের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে।’দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে শেখ হাসিনা নানা তথ্য-উপাত্ত দিয়ে নতুন বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলন ডাকা হলেও প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক পরিস্থিতি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, সংসদের পরিবেশ, শেয়ার কেলেঙ্কারি, দ্রব্যমূল্য ও নির্বাচনী অঙ্গীকার নিয়ে নানা প্রশ্নের জবাব দেন। তাঁর দুই পাশে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, প্রেস সচিব আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বলেন, প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে রক্তপাত ঘটানো হয়েছে। একজন পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একটি উন্নয়ন পরিকল্পনাকে ঘিরে এ ধরনের ঘটনা নজিরবিহীন। যারা দেশের উন্নয়ন চায় না, তারাই এ ধরনের ঘটনার উসকানি দিচ্ছে। কিছু স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় আড়িয়ল বিলের জনগণ নিজেদের যে ক্ষতি করেছে, তা তারা পরে বুঝতে পারবে।নতুন বিমানবন্দরের প্রয়োজনীয়তা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিকল্পনা নেওয়া হয়েছিল ষাটের দশকে। তখন ঢাকা ছিল প্রাদেশিক রাজধানী। জনসংখ্যা ছিল মাত্র সাত কোটি। বিগত ৫০ বছরে দেশের জনসংখ্যা ১৫ কোটিতে পৌঁছেছে। ব্যবসা-বাণিজ্যসহ মানুষের বিদেশে যাতায়াত বেড়েছে। তখন ডিসি-১০, বোয়িং-৭৭৭ ও এয়ারবাস-৩৮০-এর মতো সুপরিসর বিমানের আবির্ভাব ঘটেনি। বর্তমান অবস্থায় হজরত শাহজালাল বিমানবন্দরে এসব বিমান অবতরণের কোনো সুযোগ-সুবিধা নেই। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৬ সালে ডেনিশ পরামর্শক র‌্যামবল বিমানবন্দর মহাপরিকল্পনায় ঢাকার অদূরে নতুন বিমানবন্দর নির্মাণের সুপারিশ করেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বলা হচ্ছে, সরকারের এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে বিমানবন্দর নির্মাণের প্রয়োজন কী। কিন্তু আমরা পিপিপি অথবা বিওটিটির আওতায় বিমানবন্দর নির্মাণের চিন্তা করছি। এতে সরকারের কোনো অর্থের প্রয়োজন হবে না। তা ছাড়া বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা আমরা গত মেয়াদেই নিয়েছিলাম। সময়ের অভাবে তখন শুরু করা যায়নি। তখন কেউ নতুন বিমানবন্দর নির্মাণের বিরুদ্ধে একটি কথাও বলেনি।’ঢাকা বিমানবন্দরকে আরও উন্নত করার যুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নানা তথ্য-উপাত্ত দিয়ে বলেন, ২০২০ সাল নাগাদ যাত্রী ওঠানামার সংখ্যা অনেক গুণ বেড়ে যাবে। তা ছাড়া শাহজালাল বিমানবন্দরের উন্নয়ন করতে হলে এর আশপাশে বিপুল বাড়িঘর ভাঙতে হবে এবং পরিবেশগত সমস্যাও আছে।আড়িয়ল বিলে বিমানবন্দর কেন: প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক অবস্থা বিবেচনা করেই আড়িয়ল বিল এলাকায় নতুন বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। পূর্ব ও পশ্চিমে যাতায়াতকারী বিমানগুলোর টেকনিক্যাল ল্যান্ডিংয়ের জন্য এ স্থান খুবই উপযোগী। এখানে বিমানবন্দর নির্মাণ করা হলে বিপুলসংখ্যক বিমান অবতরণ করতে পারত। আয় হতো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। আমরা প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে সেতুবন্ধ রচনা করতে পারতাম। তা ছাড়া তৈরি হতো স্যাটেলাইট শহর, রাস্তাঘাট, হোটেল রেস্তোরাঁসহ নানা ব্যবসা-বাণিজ্য কেন্দ্র। স্কুল-কলেজ, হাসপাতাল তৈরি হতো। স্থানীয় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতো।’আড়িয়ল বিলের গাছপালা, ফসলি জমি ও পরিবেশ ধ্বংসের অনেকের আশঙ্কা সম্পর্কে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মতো ছোট জায়গায় কোথাও কি এমন কোনো পতিত জায়গা আছে? যেখানে কিছু না কিছু সমস্যা হবে না? ঢাকা শহর সম্প্রসারিত হচ্ছে আবাদি জমি নষ্ট করেই। আজকের ধানমন্ডি, উত্তরাসহ প্রায় সব এলাকা একসময় আবাদি জমি ছিল। তাই বলে কি বাড়িঘর নির্মাণ বন্ধ আছে? গুলশান, শাহজাহানপুরে ধানখেত, সবজিখেত ছিল, কিন্তু উন্নয়ন তো বন্ধ থাকেনি। আড়িয়ল বিলের জলাধার রেখেই উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছিল।পদ্মার ওপারে বিমানবন্দর নির্মাণ করার ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি দৈনিক পত্রিকার সম্পাদক প্রশ্ন করেন, নতুন বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে যে ব্যাখ্যা এখন দেওয়া হলো, তা আগে দেওয়া হলো না কেন? জবাবে প্রধানমন্ত্রী বলেন, যত ব্যাখ্যাই দেওয়া হোক, তারা বাধা দিতই।শান্তিপূর্ণ পৌরসভা ও উপনির্বাচন: প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রমাণ করেছি, সরকার আন্তরিক হলে, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হলে দলীয় সরকারের আমলেও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নির্বাচন কমিশন স্বাধীন ও সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করেছে। আল্লাহর রহমতে এবারের নির্বাচনে একজন মানুষও মারা যায়নি। এর পরও বিরোধী দল গণরায় মানতে পারেনি। ৪০ হাজার ভোটে হেরে তারা ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল ডেকেছে। হবিগঞ্জের আসন সব সময় আওয়ামী লীগের ছিল। সেখানে মাত্র ১২০০ ভোটে হেরেও আমরা ফল মেনে নিয়েছি। তাহলে তো আমাদেরও হরতাল ডাকা উচিত ছিল।’ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা থাকবে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ওটা থাকবে কি না, জনগণ সিদ্ধান্ত নেবে। বর্তমান সরকার দুর্বল বলে বিরোধীদলীয় নেত্রীর মন্তব্য সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থেকে দুর্নীতি করে তারা অগাধ টাকাপয়সা বানিয়েছে। পরে জনতার রুদ্ররোষে পড়ে তারা বিতাড়িত হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্তের ৮৭ ভাগ বাস্তবায়ন করেছে, বাকি ১৩ ভাগ বাস্তবায়নাধীন আছে। তাহলে সরকার দুর্বল হলো কীভাবে?সংসদে ভালো পরিবেশ: প্রধানমন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেত্রী সংসদে আসেন না, উপনির্বাচনে যান। তবে আসন রক্ষার জন্য এবার তাঁর সংসদে আসতেই হবে। এসে নাটক করবেন। তারপর আবার চলে যাবেন। তিনি বলেন, বিরোধী দলে থাকাকালে আমি মাইক পেতাম না। তখনকার প্রধানমন্ত্রী বিরোধী দলের কোনো প্রশ্ন নিতেন না। আর বর্তমান সংসদে বিরোধীদলীয় নেত্রী সংসদে এসেছেন মাত্র পাঁচ দিন। এক দিন তিনি বিনা বাধায় পৌনে দুই ঘণ্টা বক্তব্য দিয়েছেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রাণপণ চেষ্টা করছি এটা বন্ধ করতে, কিন্তু ২০০৪ সালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়। তখন কেউ এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন না, এখন যতটা সোচ্চার। আমার বাবার হত্যার বিচার সাধারণ আইনে হয়েছে। আমি সব সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ছিলাম। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে চলছে। রাতারাতি বন্ধ করা সম্ভব নয়।’শেয়ারবাজার: শেয়ার কারসাজি-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বিরোধী দল এখন তদন্ত কমিটির বিরোধিতা করছে, অর্থাৎ ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না।আয়-ব্যয়ের হিসাব: মন্ত্রী ও সাংসদদের আয়-ব্যয়ের হিসাব দেওয়া সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের সবাই আয়কর দেন। আয়কর দেওয়ার সময় সম্পদের পুরো হিসাব জমা দেওয়া হয়। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়ও সম্পদের হিসাব দেওয়া হয়েছে। যে কেউ ইচ্ছা করলে তা দেখতে পারেন। আমাদের হিসাব দিতে কোনো অসুবিধা নেই, সময় হলেই তা প্রকাশ করা হবে। তা ছাড়া মন্ত্রীদের বিরুদ্ধে কোনো কথাও ওঠেনি।’দ্রব্যমূল্য: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে প্রায় ১০ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে। খাদ্যদ্রব্যের দাম কমিয়েছি। পাশাপাশি মানুষের আয় বাড়িয়েছি। তার পরও ভিজিডি, ভিজিএফ, ওএমএস, রেশনব্যবস্থা চালু করেছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছি। কিন্তু অনেক জায়গায় মেকানিজম হচ্ছে। ষড়যন্ত্র হচ্ছে। বিরোধী দল মানুষকে কষ্ট দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। এটা অব্যাহত আছে।’ যানজট নিরসন ও রাস্তাঘাটের উন্নয়ন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, রাতারাতি কিছু করা সম্ভব নয়। সাত বছরের জঞ্জাল মাত্র দুই বছরে সাফ করা অসম্ভব।