আড়িয়ল বিলে বিমানবন্দর নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকাবাসী না চাইলে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ করবে না সরকার। এ ক্ষেত্রে পদ্মার ওপারে অথবা চর এলাকায় নতুন বিমানবন্দর নির্মাণ করা হতে পারে।গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ রকম ইঙ্গিত দিয়েছেন বলে একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। তবে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত পরিবর্তনের কথা গতকাল পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি।মন্ত্রিসভার নির্ধারিত বৈঠক শেষে প্রধানমন্ত্রী মন্ত্রীদের সঙ্গে আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক মন্ত্রী প্রথম আলোকে জানান, প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, আওয়ামী লীগ জনগণের দল। জনগণের কাছে সরকারের জবাবদিহি রয়েছে। তাই জনগণের ইচ্ছার বিরুদ্ধে সরকার কিছু করবে না। সহিংসতা বা বিশৃঙ্খলা হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না। আড়িয়ল বিলে জনগণ না চাইলে অন্যত্র নতুন বিমানবন্দর হবে। এ ক্ষেত্রে তিনি পদ্মার ওপারে অথবা চর এলাকার কথা উল্লেখ করেন। এর আগে এই এলাকার সম্ভাব্যতা যাচাই করার কথাও বলেন তিনি।বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী কারও নাম উল্লেখ না করে বলেন, যারা আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণে বাধা দিয়েছে, তাদের দূরদর্শিতার অভাব রয়েছে। অদূরদর্শীরাই নতুন বিমানবন্দর চায় না। তাঁর মতে, ২০২১ সালের মধ্যে দেশকে সুখী-সমৃদ্ধ করতে হলে এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের মতো উন্নত দেশ গড়তে হলে একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর দরকার।সূত্র জানায়, প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কক্সবাজার, কুয়াকাটা সমুদ্রসৈকতকে উন্নত করতে চাই। এর জন্যও একটা আন্তর্জাতিক মানের বিমানবন্দর দরকার। কিন্তু সবাই যদি বিমানবন্দর না চায়, তাহলে সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবে না।’ তিনি আরও বলেন, যারা আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণে বাধা দিতে জনগণকে উসকে দিয়েছে, তারা ঠিক করেনি। সেখানে পুলিশ কর্মকর্তা নিহত হওয়ায় প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেন। পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যে ভূমিকা পালন করেছে, তার জন্য প্রধানমন্ত্রী পুলিশকে অভিনন্দন জানান। তবে এ ধরনের ঘটনা এড়াতে মুন্সিগঞ্জের পুলিশ সুপার সঠিকভাবে দায়িত্ব পালন করেননি বলে বৈঠকে মন্তব্য করা হয়।সূত্র জানায়, বৈঠকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেন, ‘আমরা বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে পারতাম। যেহেতু একটা সমস্যা হচ্ছিল।’মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরপর খবর ছড়িয়ে পড়ে, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত সরকার বাতিল করেছে। বেলা তিনটার দিকে এ কথা ঢাকার নবাবগঞ্জ উপজেলার মুন্সিনগর মডেল উচ্চবিদ্যালয়ের মাঠে আহূত বিক্ষোভ সমাবেশের মাইকে প্রচার করা হয়।ঢাকার নবাবগঞ্জ ও দোহার এবং মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আড়িয়ল বিল এলাকায় নতুন বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের পর থেকে মাস খানেক ধরে সেখানকার মানুষ আন্দোলন করে আসছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত বছরের ২৯ আগস্ট প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয় ৫০ হাজার কোটি টাকা।গত ৩০ নভেম্বর বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী সাংবাদিকদের জানিয়েছিলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের স্থান হিসেবে আড়িয়ল বিলকেই চূড়ান্ত করার সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি।১২ ডিসেম্বর আড়িয়ল বিলে বিমানবন্দর এবং পাশেই ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সিটি’ নামের উপশহর নির্মাণের নীতিগত অনুমোদন দেন প্রধানমন্ত্রী। এরপর আড়িয়ল বিলের ২৫ হাজার একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়। এলাকাবাসী এ উদ্যোগের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠে। গত সোমবার হাজার হাজার গ্রামবাসী বিল রক্ষা কমিটির আহ্বানে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) নিহত এবং সাংবাদিক, পুলিশ, ম্যাজিস্ট্রেট, গ্রামবাসীসহ শতাধিক ব্যক্তি আহত হন।সংসদে বিবৃতি: স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মুন্সিগঞ্জের আড়িয়ল বিলের মতো সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কঠোর আইনগত ব্যবস্থা নেবে। গতকাল সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই বর্বর, অমানবিক ও নৃশংস ঘটনা দেশবাসীকে মর্মাহত করেছে। পুলিশ আন্তরিকতা, ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়েছে বলেই এলাকাবাসী ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।সাহারা খাতুন বলেন, একটি মহল মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে জনগণকে ক্ষিপ্ত করে তোলে। পুলিশ শান্তি রক্ষার স্বার্থে প্রতিবাদকারীদের মানববন্ধনে কোনো বাধা দেয়নি। একজন পুলিশ কর্মকর্তা নিহত হলেও পুলিশ চরম ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে।স্বরাষ্ট্রমন্ত্রী ৩১ জানুয়ারির ঘটনা তুলে ধরে বলেন, মানববন্ধনের নামে ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক বন্ধ করে রাখে সেই স্বার্থান্বেষী মহল। তারা মানুষ হত্যা করতে দ্বিধা করেনি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মন্ত্রী দাবি করেন, মানববন্ধনে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে অবস্থান নেয়। তারা একপর্যায়ে স্থানীয় সাংসদের বাড়িতে হামলার উদ্দেশে এগোতে থাকে এবং শ্রীনগর বাজারে ব্যাপক ভাঙচুর চালায়। তারা হাসাড়ায় পুলিশ ফাঁড়িতে আগুন ধরিয়ে দেয়। ঢাকা থেকে যাওয়া পুলিশের গাড়িতে আক্রমণ করে তারা। তাদের হামলায় এসআই মতিউর রহমান মারা যান।মন্ত্রিসভার বৈঠক সম্পর্কে ব্রিফিং: বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বৈঠকে বর্তমান সরকারের গত দুই বছরে মন্ত্রিসভার ৯৫টি বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত অগ্রগতির ওপর একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।দুই বছরের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আবুল কালাম আজাদ জানান, গত বছরের ডিসেম্বর পর্যন্ত দুই বছরে মন্ত্রিসভার বৈঠকে ৬২৭টি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৫৪৮টি বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৮৭ শতাংশ। গত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় প্রথম দুই বছরে ৩২৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বাস্তবায়নের হার ছিল ৬৫ শতাংশ।প্রেস সচিব জানান, বর্তমান সরকারের দুই বছরে ১৪৫টি আইন মন্ত্রিসভায় অনুমোদিত হয়। এর মধ্যে ১৩০টি জাতীয় সংসদে পাস হয়েছে। বাকিগুলোর মধ্যে ১০টি সংসদে এবং পাঁচটি মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। জোট সরকারের সময় একই সময়ে আইন অনুমোদিত হয় ৭৮টি। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতিতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।প্রেস সচিব বলেন, বৈঠকে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ করার একটি প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে। পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় সমুদ্রসীমা নির্ধারণের যে প্রস্তাব উপস্থাপন করেছে, তা-ই অনুমোদন করা হয়েছে। এটি দাবি আকারে জাতিসংঘে উপস্থাপন করা হবে।বৈঠকে অংশ নেওয়া একজন মন্ত্রী বলেন, সমুদ্রসীমার তিনটি স্তরে প্রায় ৪৫০ কিলোমিটার এলাকায় বাংলাদেশের মালিকানা দাবি করে প্রস্তাবটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে অর্থনৈতিক এলাকাও রয়েছে। এটিই জাতিসংঘে উপস্থাপন করা হবে।