আড়িয়ল বিলের ঘটনায় করা মামলায় ২২ জনের আগাম জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলের ঘটনায় দায়ের করা পৃথক চারটি মামলায় ২২ জনের আগাম অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। চার মাস বা পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত তাদের এ জামিন কার্যকর থাকবে।বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার সংশ্লিষ্টদের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে আদালত সরকারের প্রতি রুল জারি করেছেন।জামিন প্রাপ্তরা হলেন—অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, ফয়জুর রহমান আল-সিদ্দিক, সাইদুর রহমান সাইদ, আজহার হোসেন, আডিয়ল বিল রক্ষা কমিটির আহ্বায়ক শাহজাহান বাদল, সদস্যসচিব জিয়াউর রহমান জিয়ন, অধ্যাপক আমানুল ইসলাম চৌধুরী, আতাউর রহমান, শহীদ উদ্দিন চেয়ারম্যান প্রমুখ।জানা যায়, আড়িয়ল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে সহিংস বিক্ষোভের ঘটনায় গত ৩১ জানুয়ারি মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় সংশ্লিষ্টরা হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন করেন। আদালতে জামিনপ্রাপ্তদের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সারাহ হোসেন ও রমজান আলী শিকদার। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সোহরাওয়ার্দী মামলা পরিচালনা করেন।