আড়িয়ল বিলের মামলায় ৯৯ জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলের ঘটনায় করা পৃথক তিনটি মামলায় হাইকোর্ট ৯৯ ব্যক্তির আগাম জামিন মঞ্জুর করেছেন। চার মাস পর্যন্ত কিংবা এর আগে যদি পুলিশ প্রতিবেদন দাখিল করা হয় তবে সে সময় পর্যন্ত তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে কেন তাদের স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন আদালত।জামিন পাওয়া ব্যক্তিদের মধ্যে মুন্সিগঞ্জের বাড়িখালী ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন মাস্টার, হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মনসুর মাঝি, আড়িয়ল বিল রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক হায়দার খান ও কেন্দ্রীয় নেতা দ্বীন ইসলাম প্রমুখ আছেন।আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন সারা হোসেন ও রমজান আলী সিকদার। প্রসঙ্গত, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ উদ্যোগের প্রতিবাদে সহিংস গণবিক্ষোভের ঘটনায় গত ৩১ জানুয়ারি মুন্সিগঞ্জের শ্রীনগর থানায় তিনটি মামলা করা হয়। এসব মামলায় তাঁরা আজ জামিনের আবেদন করেন।